https://www.prothomalony.com/

17915

north-america

উত্তর আমেরিকা

নতুন কৌশলে রেকর্ড সংখ্যক অভিবাসী গ্রেপ্তার করেছে আইস

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ ০৫:৩২

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইস) জুলাই মাসে গ্রেপ্তার করেছে প্রায় ৫১ হাজার অভিবাসী । ট্রাম্প প্রশাসনের শুরু থেকে এ পর্যন্ত যেকোনো একক মাসের তুলনায় সর্বোচ্চ। জুন মাসের ৪৩ হাজারের তুলনায় এই সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এই বৃদ্ধির পেছনে কাজ করেছে একগুচ্ছ নতুন কৌশল।  বিমানবন্দরে গবেষক-শিক্ষকদের আটক করা থেকে শুরু করে জাতীয় বনাঞ্চলের জনপ্রিয় একটি খালের ধারে চেকপোস্ট বসানো পর্যন্ত।

তবে হোয়াইট হাউস প্রতিদিন ২ হাজার গ্রেপ্তারের যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল, তার তুলনায় সংস্থাটি এখনো পিছিয়ে আছে। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের নীতি বিশ্লেষক কলিন পুটজেল-কাভানার মতে, গ্রেপ্তারের সংখ্যা বাড়ানোর ওপর এত বেশি জোর দেওয়া হচ্ছে যে সাধারণ মানুষের কাছে এই অভিযানের মূল উদ্দেশ্যটাই খানিকটা অস্পষ্ট হয়ে পড়েছে। তাঁর পর্যবেক্ষণ, নতুন গ্রেপ্তারগুলোর একটা বড় অংশই এমন মানুষ, যাঁরা আইনি অস্পষ্টতার মধ্যে পড়ে গেছেন। যেমন নতুন কোনো বৈধ স্ট্যাটাসের আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া। প্রশাসন যাঁদের "সবচেয়ে বিপজ্জনক" বলে চিহ্নিত করেছে, তাঁদের সঙ্গে এই মানুষগুলোর বাস্তবে তেমন মিল নেই।

সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বিমানবন্দরকেন্দ্রিক অভিযান। গত মাসে দিনে গড়ে ২০ থেকে ৪০ জনকে বিমানবন্দর থেকেই আটক করা হয়েছে, মূলত মেয়াদোত্তীর্ণ ভিসাধারী যাত্রীদের লক্ষ্য করে। এই তালিকায় ছিলেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ক্যামেরুনীয় ফুলব্রাইট গবেষক এবং মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ইথিওপীয় শিক্ষক, যিনি সম্মেলনে "সেরা শিক্ষক" পুরস্কার নিয়ে ফেরার পথেই আটক হন। জনস হপকিন্সের অর্থনীতিবিদ মাইকেল ক্লেমেন্সের হিসাব অনুযায়ী, স্টেম বিষয়ে বিদেশি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের সীমিত করার নতুন নিয়মের কারণে ২০৩৫ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষতি হতে পারে বছরে ১৪ হাজার ৫০০ কোটি ডলার পর্যন্ত। তাঁর ভাষ্যে, অভিবাসন কর্তৃপক্ষ বিমানবন্দরকে "সহজ লক্ষ্যবস্তু" হিসেবে দেখছে, কারণ সেখানে প্রত্যেকের পরিচয় যাচাই আগে থেকেই হয়ে থাকে।

আমেরিকান ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশনের আইনজীবী কেট আগুস্তিয়া অবশ্য একটি ভুল ধারণা শুধরে দিতে চান। বিমানবন্দরে আটক অনেকেই আসলে বৈধ অবস্থানেই আছেন। কারণ দশকের পর দশক ধরে চলে আসা নীতি অনুযায়ী আবেদন প্রক্রিয়াধীন থাকাকালে তাঁদের দেশে থাকার অনুমতি দেওয়া হয়। সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে শিক্ষার্থী, বিনিময় দর্শনার্থী ও বিদেশি সাংবাদিকদের ভিসার সময়সীমা আরও কড়া করা হচ্ছে। ফলে এই ধরনের গ্রেপ্তার সামনে আরও বাড়বে বলেই আশঙ্কা।

জুলাইয়ে আরও কয়েকটি ঘটনা আলোচনায় এসেছে। নর্থ ক্যারোলাইনার একটি জাতীয় বনাঞ্চলে হিস্পানিক বাসিন্দাদের জনপ্রিয় উইলসন ক্রিক এলাকায় চেকপোস্ট বসিয়ে ১৩ জনকে আটক করা হয়। যা নিয়ে স্থানীয় মেথডিস্ট যাজক ও পরিবারগুলো প্রতিবাদ জানিয়ে দাবি করেন, আটকদের অনেকেরই ফৌজদারি রেকর্ড নেই এবং তাঁরা বৈধভাবেই দেশে প্রবেশ করেছিলেন। যা রিপাবলিকান আইনসভা স্পিকার ডেস্টিন হলের সামাজিক মাধ্যমে করা "পূর্বে গ্রেপ্তার হওয়া অবৈধ অভিবাসীদের একটি চক্র" দাবির সঙ্গে মেলে না। সিয়েরা ক্লাবও এই অভিযানের প্রতিবাদ জানিয়ে বলেছে, প্রকৃতির উন্মুক্ত জায়গাগুলোতে অভিবাসন অভিযান চালানো মানুষের নিরাপত্তাবোধ নষ্ট করছে। এ ছাড়া মেইনের পোর্টল্যান্ডে এক জাম্বীয় শরণার্থী, যিনি স্থানীয় হাসপাতালে নিবন্ধিত নার্স হিসেবে কর্মরত, বোস্টন লোগান বিমানবন্দরে আটক হওয়ার পর প্রতিবাদের মুখে মুক্তি পান।

পরিসংখ্যান বলছে, বর্তমানে আটক ব্যক্তিদের এক-তৃতীয়াংশেরও কম প্রকৃতপক্ষে ফৌজদারি অপরাধে দণ্ডিত।  আর প্রায় ৪০ শতাংশের বিরুদ্ধে অভিবাসন-সংক্রান্ত লঙ্ঘন ছাড়া অন্য কোনো অভিযোগই নেই। যা প্রশাসনের ঘোষিত লক্ষ্য, অর্থাৎ শিশু নিপীড়ক-খুনি-ধর্ষকদের গ্রেপ্তারের দাবির সঙ্গে সাংঘর্ষিক। এদিকে আদালতের নির্দেশে জামিন শুনানির পর মাসে প্রায় দুই হাজার আটক ব্যক্তি মুক্তি পাচ্ছেন। কারণ বেশ কিছু ফেডারেল বিচারক — এমনকি ট্রাম্পেরই নিয়োগ দেওয়া কয়েকজনও — বাধ্যতামূলক আটকাদেশের নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। এই নীতির বৈধতা নিয়ে সুপ্রিম কোর্ট অক্টোবরের অধিবেশনে রায় দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জুলাই মাসেই টেক্সাস ও মেইনে ট্রাফিক স্টপের সময় দুজন অভিবাসী গুলিতে নিহত হন। সাময়িক বিরতির পর প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের ট্রাফিক স্টপ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে এখন থেকে গাড়ি থামানোর সময় আইস কর্মকর্তাদের বডি ক্যামেরা পরতে হবে বলে জানিয়েছেন সীমান্ত নীতিবিষয়ক প্রধান টম হোমান। একই মাসে ফ্লোরিডার সেন্ট অগাস্টিনে বৈধ পর্যটক ভিসাধারী এক মেক্সিকান নাগরিক আইস কর্মকর্তাদের হাত থেকে পালাতে গিয়ে ট্রাকচাপায় নিহত হন। 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন