https://www.prothomalony.com/
17918
north-america
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ ০৫:৫০
আনন্দ, সৌহার্দ্য ও স্মৃতির ডালি সাজিয়ে যুক্তরাজ্যের নরফোক উপকূলের ঐতিহ্যবাহী সমুদ্রতীরবর্তী শহর গ্রেট ইয়ারমাউথে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে’ এর বার্ষিক বনভোজন। শনিবার (৮ আগস্ট) মনোরম পরিবেশে সংগঠনের সদস্য, উপদেষ্টা, পরিবার ও আমন্ত্রিত অতিথি মিলে মোট ৫৩ জন এতে অংশ নেন।
সকালে লন্ডনের রেডব্রিজ স্টেশন থেকে বিআরটিসি স্টাইলের একটি কোচে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পরিবারসহ গ্রেট ইয়ারমাউথের উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে স্মৃতিচারণ, গান, কৌতুক ও আবৃত্তির পাশাপাশি সুস্বাদু প্রাতরাশ পরিবেশন করা হয়। যাত্রাপথের প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন মো. কামরুল হাসান, নিলুফা ইয়াসমিন হাসান, মিজানুর রহমান ও এরিনা সিদ্দিকী।

সংগঠনের সভাপতি সিরাজুল বাছিত চৌধুরীর সার্বিক নেতৃত্ব ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. কামরুল হাসানের সমন্বয়ে ১২ সদস্যের একটি সাবকমিটি পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করে।
গ্রেট ইয়ারমাউথে পৌঁছানোর পর একটি স্থানীয় রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ শেষ করে সবাই সমুদ্রতীরে সমবেত হন। সেখানে পুরুষ, নারী ও শিশুদের জন্য পৃথক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরুষদের ফিট ব্যালান্স রেসে দেওয়ান গৌস সুলতান এবং বিন ব্যাগ টসে মিজানুর রহমান প্রথম স্থান অর্জন করেন। নারীদের ব্লাইন্ডফোল্ড চ্যালেঞ্জে তামান্না সৈয়দা এবং ‘হেড, শোল্ডার অ্যান্ড টোজ’ খেলায় আসমা আক্তার প্রথম হন। শিশুদের দৌড় প্রতিযোগিতায় প্রথম হয় রাফিডা জান্নাত।
প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ সৈয়দ জাফর। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড. সেলিম জাহান, কবি শামীম আজাদ, দেওয়ান গৌস সুলতান, আবু মুসা হাসান, সিরাজুল বাছিত চৌধুরী, মো. কামরুল হাসানসহ সংগঠনের জ্যেষ্ঠ প্রতিনিধিরা।

পুরস্কার বিতরণী শেষে সমুদ্রতীরে সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানের সঞ্চালনায় এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগঠনের সদস্য ও শিশুশিল্পীরা নাচ ও গান পরিবেশন করে। পাশাপাশি সমুদ্রের নোনা জলে গা ভেজানো এবং সৈকতে আড্ডা ও ঝালমুড়ি উপভোগের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি পুনরুজ্জীবিত করার এক অনন্য আবহ তৈরি হয়। সব মিলিয়ে দিনটি যুক্তরাজ্যে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সম্প্রীতির এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন