https://www.prothomalony.com/

17900

new-york

নিউইয়র্ক

শহরের বাড়ির দাম মানুষকে টানে, কিন্তু শহরটাই তাদের ধরে রাখতে পারে না

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ ০৩:৫৪

নিউইয়র্ক সিটিতে একটা ওয়ানরুম অ্যাপার্টমেন্টের ভাড়াই মাসে কয়েক হাজার ডলার ছাড়িয়ে যায়। সিটি থেকে আড়াইশ মাইল দূরের উটিকা শহরে মাত্র ৮৭ হাজার ডলারে মিলছে একটা গোটা বাড়ি। ভাড়া শুরু হচ্ছে মাসে ৯০০ ডলার থেকে। সামগ্রিক জীবনযাত্রার খরচ রাজ্যের গড়ের চেয়ে ২৮ থেকে ৩৩ শতাংশ কম। শুনতে এটা নিউইয়র্কে ঘরের সংকটে জর্জরিত মানুষের কাছে স্বপ্নের মতোই মনে হওয়ার কথা। কিন্তু বাস্তবতা হলো, এই সস্তা শহরটাই প্রতিবছর মানুষ হারাচ্ছে।

 উটিকায় এখন একটা বাড়ির গড় দাম ২ লাখ ১৩ হাজার ৪১২ ডলার। গত এক বছরে বেড়েছে প্রায় ৯ শতাংশ, যদিও তা যুক্তরাষ্ট্রের জাতীয় গড় বাড়ির দাম প্রায় ৩ লাখ ৭০ হাজার ডলারের তুলনায় এখনো অনেকটাই কম। শহরের একটি পাঁচ কক্ষের বাড়ি বিক্রি হচ্ছে মাত্র ৮৯ হাজার ৯০০ ডলারে, তিন কক্ষের একটি বাড়ির দাম ৯৯ হাজার ৯০০ ডলার — অর্থাৎ ব্রুকলিনে একটা বাড়ির ডাউন পেমেন্টের সমান টাকায় উটিকায় মিলছে গোটা একটা বাড়িই।

তবু মানুষ থেকে যাচ্ছে না। প্রতিবছর প্রায় শূন্য দশমিক ৭৪ শতাংশ হারে জনসংখ্যা কমছে উটিকার। ২০২০ সালের আদমশুমারির পর থেকে শহরটি হারিয়েছে চার শতাংশের বেশি বাসিন্দা। সাম্প্রতিক এক অভিবাসন বিশ্লেষণে দেখা গেছে, নিউইয়র্ক সিটির বাইরের যেসব শহর সবচেয়ে বেশি বাসিন্দা হারিয়েছে, তার মধ্যে উটিকা অন্যতম।

এই জনশূন্যতার পেছনের গল্পটা দশকের পর দশক ধরে জমে থাকা এক শিল্প-বিপর্যয়ের। রাস্ট বেল্টের বিভিন্ন শহরের মতোই উটিকা একসময় শিল্পকারখানার ওপর নির্ভরশীল ছিল। জেনারেল ইলেকট্রিক ও লকহিড মার্টিনের মতো বড় নিয়োগদাতারা কারখানা গুটিয়ে নেওয়ার পর শহরের করভিত্তি ফাঁপা হয়ে যায়। বহু বাসিন্দা আটকে পড়েন দারিদ্র্যের ফাঁদে। বর্তমানে শহরের দারিদ্র্যের হার ২৭ শতাংশ ছাড়িয়ে গেছে। যা জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ। বেকারত্বের হার ঘোরাফেরা করছে সাড়ে চার থেকে ছয় শতাংশের মধ্যে, মধ্যক পারিবারিক আয় প্রায় ৫২ হাজার ডলার। রাজ্যের গড়ের চেয়ে অনেকটাই কম, আর ২০২৪ সালে ব্যক্তি পর্যায়ে মধ্যক আয় ছিল মাত্র ৩০ হাজার ৭৮৫ ডলার।

স্থানীয় রিয়েল এস্টেট এজেন্টদের ভাষ্যে উটিকার এই বৈপরীত্য উঠে আসে খুব স্পষ্টভাবে। এখানে বাড়ি কেনানো সহজ, কিন্তু কাউকে থেকে যেতে রাজি করানোই আসল চ্যালেঞ্জ। দাম নয়, বরং চাকরির অভাব, সীমিত সুযোগ আর শহরের সামগ্রিক অর্থনৈতিক স্থবিরতাই মানুষকে ঠেলে দিচ্ছে অন্য কোথাও। ফলে উটিকা শহরের বাড়ির দাম মানুষকে টানে, কিন্তু শহরটাই তাদের ধরে রাখতে পারে না।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন