https://www.prothomalony.com/
17854
north-america
যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রাম্যাকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী 'আম-কাঁঠালি উৎসব'। আগামী ৯ আগস্ট রোববার বিকেল সাড়ে ৫টায় হ্যামট্রাম্যাক সিটি হল সংলগ্ন পার্কে এ উৎসবের আয়োজন করেছে ইউএস বাংলা ডায়েরি।
আয়োজকদের একজন সঞ্জয় দেব জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির গ্রীষ্মকালীন ফল উৎসব ও গ্রামীণ ঐতিহ্যকে পরিচিত করে তুলতেই এ ব্যতিক্রমী আয়োজন। তিনি বলেন, "আম-কাঁঠাল শুধু ফল নয়, এটি বাঙালির আবেগ, শৈশবের স্মৃতি ও পারিবারিক সংস্কৃতির অংশ। ঝড়ের দিনে আম কুড়ানো, তপ্ত দুপুরে মুড়ি দিয়ে পাকা কাঁঠাল খাওয়ার স্মৃতি আজও অনেকের হৃদয়ে গেঁথে আছে। প্রবাসের ব্যস্ত জীবনে সেই স্মৃতিকে কিছুটা হলেও ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"
উৎসবকে আরও বর্ণিল করে তুলতে আয়োজকদের পক্ষ থেকে পুরুষদের হলুদ পাঞ্জাবি এবং নারীদের হলুদ শাড়ি পরে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মিশিগানে বসবাসরত সব বয়সী বাংলাদেশি ও বাঙালিদের পরিবার-পরিজন নিয়ে উৎসবে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
আয়োজকদের ভাষ্য, হ্যামট্রাম্যাকে এ ধরনের আয়োজন এবারই প্রথম। উৎসবের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রবাসীদের মধ্যে কৌতূহল, আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে। প্রবাসজীবনের একঘেয়েমির মাঝে নতুন ও ভিন্নধর্মী সাংস্কৃতিক আয়োজন সবাইকে আকৃষ্ট করছে।
বাংলার গ্রামীণ ঐতিহ্যে, বিশেষ করে সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে মেয়ের বা বোনের বাড়িতে আম, কাঁঠাল, খই, মুড়ি, মোয়া ও নানা মৌসুমি ফল পাঠানোর রীতিকে 'আম-কাঁঠালি' বলা হয়। আত্মীয়-স্বজনের মধ্যে মৌসুমি ফল ও খাবার বিনিময়ের এই প্রথা পারিবারিক বন্ধন, আন্তরিকতা ও ভালোবাসার প্রতীক হিসেবে আজও দেশের বিভিন্ন অঞ্চলে টিকে আছে। সেই ঐতিহ্যকেই প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই এ উৎসবের আয়োজন করা হচ্ছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন