https://www.prothomalony.com/
17851
new-york
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ০৮:৩২
নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী মুসলিম কমিউনিটির জন্য দীর্ঘমেয়াদি কবরস্থানের সংকট সমাধানে বড় উদ্যোগ নিয়েছেন নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারের লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট ফুয়াদ হোসাইন এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জাহিদ আলম। তারা নিউইয়র্ক সিটি থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে একটি বিশাল এলাকায় ৩৬ হাজার কবরের স্থান ক্রয় করেছেন।

উদ্যোক্তারা জানান, কোভিড মহামারির সময় বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হলে বাংলাদেশী মুসলমানদের জন্য কবরের জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই ভবিষ্যতে যেন কোনো পরিবার প্রিয়জনকে দাফন করার জন্য দুশ্চিন্তায় না পড়ে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তাদের ভাষ্য, এটি কোনো ব্যবসায়িক প্রকল্প নয়। মূল উদ্দেশ্য হলো কমিউনিটির মানুষের সেবা করা এবং একটি স্থায়ী ও সম্মানজনক দাফনব্যবস্থা নিশ্চিত করা। কবরস্থানটি চালু হলে নিউইয়র্ক থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে মুসলিম পরিবারগুলো তাদের প্রিয়জনকে দাফন করতে পারবেন।
এই কবরস্থানে শুধু কবরের ব্যবস্থাই নয়, থাকবে নামাজ আদায়ের জন্য একটি মসজিদ, ফিউনারেল হোম এবং মরদেহ সংরক্ষণের জন্য ফ্রিজিং সুবিধা। পাশাপাশি কবরের মূল্য এককালীন পরিশোধ করতে না পারা পরিবারগুলোর জন্য কিস্তিতে অর্থ পরিশোধের ব্যবস্থাও রাখা হবে।
ফুয়াদ হোসাইন ও জাহিদ আলম জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে কবরস্থানটির উদ্বোধন করা হবে। তাদের আশা, এই উদ্যোগ নিউইয়র্কের বাংলাদেশী মুসলিম কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন