https://www.prothomalony.com/

17845

north-america

উত্তর আমেরিকা

মিশিগানের হ্যামট্রাম্যাকে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ০৮:২০

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত ১ আগস্ট শনিবার মিশিগানের ‘জগন্নাথ দেবের ভক্তবৃন্দ’-এর উদ্যোগে আয়োজিত এ রথযাত্রায় প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ, শিশু-কিশোর এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে দুপুর ১২টায় হ্যামট্রাম্যাক শহরের ক্যানিফ স্ট্রিটের একটি পার্কিং লটে শ্রীশ্রী জগন্নাথ দেবের পূজা, আরতি ও শাস্ত্রীয় ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে ভক্তদের উলুধ্বনি, শঙ্খধ্বনি ও জয়ধ্বনির মধ্য দিয়ে বেলা ১টায় রথের দড়িতে টান দেওয়া হয়।

এরপর সুসজ্জিত রথকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাজুড়ে ভক্তরা ঢাক, ঢোল, কাঁশর ও মন্দিরার তালে তালে নামকীর্তন পরিবেশন করেন। ধর্মীয় সংগীত ও কীর্তনের আবহে পুরো এলাকা উৎসবের রূপ নেয়।

রথযাত্রা চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দাদের অনেককে হাত নেড়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। আবার কেউ কেউ গাড়ির হর্ন বাজিয়ে রথযাত্রার প্রতি সমর্থন ও সম্প্রীতির বার্তা দেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী নারীরা রঙিন শাড়ি এবং পুরুষরা ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরে অংশ নেন। মা-বাবার সঙ্গে শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরাও পায়ে হেঁটে রথযাত্রায় যোগ দেয়। অনেকের হাতে ছিল শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি। শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের প্রাণবন্ত উপস্থিতি রথযাত্রাকে আরও বর্ণিল করে তোলে।

হ্যামট্রাম্যাক পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার ক্যানিফ স্ট্রিটের পার্কিং লটে ফিরে আসে। সেখানে ভক্তিমূলক গান ও কীর্তন পরিবেশনের পাশাপাশি ধর্মীয় রীতি অনুযায়ী লুট বিতরণ করা হয়। সবশেষে উপস্থিত সকল ভক্ত ও অতিথিদের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলের একজন কাউন্সিলম্যান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মিশিগানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রবাসে ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতি ধরে রাখার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজক ও অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন