https://www.prothomalony.com/

17839

north-america

উত্তর আমেরিকা

উৎসবমুখর পরিবেশে সাতকানিয়া সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন 

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ০৫:৩১

   
যুক্তরাষ্ট্রে বসবাসরত সাতকানিয়াবাসীদের অন্যতম সামাজিক সংগঠন সাতকানিয়া সমিতি ইউএসএ ইনকের ৬ষ্ঠ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কের ওক প্যাভিলিয়নে দিনব্যাপী এ বনভোজনের আয়োজন করা হয়। এতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত সাতকানিয়ার পরিবারগুলো অংশগ্রহণ করে।

বনভোজনকে কেন্দ্র করে সকাল থেকেই বেলমন্ট লেক স্টেট পার্কে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পরিবার-পরিজন ও স্বজনদের নিয়ে অংশগ্রহণকারীরা দিনটি উপভোগ করেন। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের জন্য খাবার, আড্ডা, পারস্পরিক মতবিনিময় এবং বিভিন্ন বিনোদনমূলক ও সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা করা হয়। এ ছাড়া নানা ধরনের খেলাধুলা, শিশুদের জন্য বিশেষ কার্যক্রম, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং প্রীতিভোজ অনুষ্ঠানটিকে আরও আনন্দমুখর করে তোলে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আমিন উল্লাহ, বনভোজনের আহ্বায়ক মোহাম্মদ সফিউল্লাহ, প্রধান সমন্বয়কারী আহমেদ নবী চৌধুরী, সদস্য সচিব ইরফান নিশাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, সাতকানিয়া সমিতি ইউএসএ ইনক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত সাতকানিয়াবাসীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বার্ষিক বনভোজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে সাতকানিয়ার মানুষের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার সুযোগ তৈরি হয়।

দিনব্যাপী আয়োজনে শিশু, তরুণ ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। প্রবাসের ব্যস্ত জীবনের বাইরে পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি দীর্ঘদিন পর পরিচিতজনদের সঙ্গে দেখা ও মতবিনিময়ের সুযোগ পান অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠান শেষে সংগঠনের উপদেষ্টা কামিল রেজা, আলহাজ মো. এ জাফর, আবদুস সালাম, সাহান উদ্দিন চৌধুরী, রফিক উদ্দিন, মোহাম্মদ তারেক, শাহিদা সিকদার বনভোজন সফল করতে সহযোগিতা করা সকল সদস্য, অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন