https://www.prothomalony.com/
17853
north-america
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ০৮:৩৫
যুক্তরাষ্ট্রের মিশিগানে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) নর্থ জোনের উদ্যোগে আগামী ৯ আগস্ট ‘মুনা দাওয়াহ কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ২ আগস্ট রাতে ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এতে কনফারেন্সের লক্ষ্য, কর্মসূচি এবং বিভিন্ন আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ আগস্ট রোববার দুপুর ১টায় ওয়ারেনের ইসলামিক সেন্টার অব নাইন মাইল মসজিদ দারুল কুরআনের ব্যাংকুয়েট হলে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।
আয়োজকরা বলেন, মুনা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ইসলামের দাওয়াহ কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দেশটির প্রায় প্রতিটি অঙ্গরাজ্যে সংগঠনটির দাওয়াহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে ৩২টিরও বেশি মসজিদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পাশাপাশি ‘আল কোরআন দাওয়াহ সেন্টার’-এর মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বীর কাছে লক্ষাধিক পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে।
তারা আরও জানান, মুনা একাডেমির মাধ্যমে কোরআন শিক্ষার বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এছাড়া মুনা হিফজ কর্মসূচির অধীনে একাধিক ইসলামিক স্কুল পরিচালনা, প্রতিবছর বিনামূল্যে মিলিয়ন ডলারের খাদ্য বিতরণ এবং তরুণ-তরুণীদের জন্য পৃথক দাওয়াহ কার্যক্রমও অব্যাহত রয়েছে।
আয়োজকদের ভাষ্য, এবারের ‘মুনা দাওয়াহ কনফারেন্স’-এর মূল উদ্দেশ্য বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির মধ্যে ইসলামের সঠিক জ্ঞান, দাওয়াহর গুরুত্ব, নৈতিক মূল্যবোধ এবং পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামী শিক্ষার চর্চাকে উৎসাহিত করা। একই সঙ্গে নতুন প্রজন্মের সামনে বিদ্যমান বিভিন্ন সামাজিক ও নৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা সৃষ্টি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ড. সাঈদুর রহমান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন ওয়েন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. রামজি মুহাম্মদ এবং মুনার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আব্দুল্লাহ আল আরিফ।
এছাড়া শিশু ও তরুণদের জন্য পৃথক সেশন, পারিবারিক কার্যক্রম এবং রেনেসাঁ কালচারাল গ্রুপ অব মিশিগানের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, এ সম্মেলন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ঈমান, জ্ঞান, নৈতিকতা এবং কমিউনিটির পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এ সময় মিশিগানের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকে অনুষ্ঠানটি প্রচার ও সংবাদ পরিবেশনের মাধ্যমে কমিউনিটির কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি মিশিগান ও আশপাশের এলাকার বাংলাদেশি এবং মুসলিম কমিউনিটির সদস্যদের পরিবার-পরিজনসহ কনফারেন্সে অংশগ্রহণের আমন্ত্রণ জানান আয়োজকরা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন