https://www.prothomalony.com/

17775

bangladesh

বাংলাদেশ

ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ, আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে  স্নিগ্ধা চৌধুরীর মামলা

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ০৫:২৬

আশিয়ান গ্রুপ ও আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা দায়ের করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। রোববার (২৬ জুলাই) রাতে করা ওই মামলায় তিনি দাবি করেন, বিজ্ঞাপনের একটি চুক্তি স্বাক্ষরের কথা বলে তাকে একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে হাত-পা বেঁধে শারীরিকভাবে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

মামলার এজাহারে স্নিগ্ধা উল্লেখ করেন, ঘটনার পর ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় তিনি তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নেননি। পরবর্তীতে ন্যায়বিচারের প্রত্যাশায় থানায় মামলা দায়ের করেন।

এজাহার অনুযায়ী, অভিযুক্ত মো. নজরুল ইসলাম ভূঁইয়া তাকে ‘জেবা তাকিয়া’ নামে এক নারী ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্নিগ্ধার দাবি, ওই নারী অভিযুক্তের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছিলেন। ভুল পরিচয়ের জের ধরেই তিনি নির্যাতনের শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, ইমন নামে উপস্থিত এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। স্নিগ্ধার ভাষ্য, পরিস্থিতি শান্ত করার পরিবর্তে ওই ব্যক্তি তাকে ‘জেবা তাকিয়া’ হিসেবে পরিচয় স্বীকার করতে চাপ দেন।

মামলায় আরও বলা হয়েছে, নির্যাতনের সময় তার গলা চেপে ধরা, চুল টেনে ধরা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন সৃষ্টি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত মামলায় অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন