https://www.prothomalony.com/
17762
bangladesh
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ১১:১৬
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল উল্লেখ করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে সিলেট জেলা কর আইনজীবী সমিতি একটি স্মারকলিপি পেশ করেছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে নগরীর কাজীরবাজারস্থ মন্ত্রীর বাসভবনে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুর কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা প্রমুখ।
স্মারকলিপিতে জাতীয় স্বার্থ, সর্বসাধারণের জীবনযাত্রার ব্যয় এবং ব্যবসার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৬টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়। স্মারকলিপিতে উপস্থাপিত দাবিগুলো হলো সব ধরনের ব্যবসা ও পেশায় ১% টার্নওভার ট্যাক্স রহিত করে পূর্বের ন্যায় ৪ কোটি টাকার অধিক টার্নওভার হলে টার্নওভার ট্যাক্স ধার্য করা। সঞ্চয়পত্রে উৎস পরিশোধিত করকে চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনা করা। সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ১৫% কর রহিত করে পূর্বের চূড়ান্ত করদায় বহাল করা। আপীল পর্যায়ে ১% কর পরিশোধের নিয়মটি বাতিল করা। অংশীদার প্রতিষ্টানের আয়ের উপর লিমিটেড কোম্পানীর হারে কর আরোপ বাতিল ঘোষণা করে পূর্বের ন্যায় ব্যক্তি শ্রেণীর কর হার বহাল রাখা। ই-রিটার্ন ওয়েবসাইট ১ জুলাই থেকে কার্যকর না হওয়ায় রিটার্ন দাখিলের সময়সীমা ১ জুলাই হতে ৩১ শে অক্টোবর পর্যন্ত প্রণোদনাসহ বর্ধিত করে পর্যায়ক্রমে ৩০ জুন ২০২৭ পর্যন্ত রিটার্ন দাখিলের বিদ্যমান সময়সূচি পূণরায় বিবেচনা করা।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, জাতীয় সংসদে আইনটি পাশের পর ই-রিটার্ন ওয়েবসাইটে রিটার্ন দাখিল করতে গিয়ে সাধারণ করদাতারা নানা জটিলতা ও আর্থিক চাপে পড়ছেন। তাই ব্যক্তি শ্রেণির করদাতাদের বৃহত্তর স্বার্থে উল্লিখিত সংশোধনগুলো এনে দ্রুত পুনরায় গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। স্মারকলিপিতে উল্লেখিত দাবি সমূহের ব্যাপারে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ থেকে আরো পড়ুন