https://www.prothomalony.com/

17773

bangladesh

বাংলাদেশ

বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ফজলুল হক সেলিম

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ০৫:০০

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন’ থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সেলিম।

গত ২৩ জুলাই লন্ডনে দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন-এর এক আয়োজনে তাকে আনুষ্ঠানিকভাবে ‘বার-অ্যাট-ল’ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির প্রদত্ত ‘সার্টিফিকেট অব কল’ অনুযায়ী, তিনি ২০২৫ সালের ২৪ নভেম্বর এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করেন। পরবর্তী সময়ে ২০২৬ সালের ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে তিনি ‘কলড টু দ্য বার’ হন।

অ্যাডভোকেট ফজলুল হক সেলিম মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শংকরপুর (বড়বাড়ী) গ্রামের বিশিষ্ট চিকিৎসক ডা. শামসুল হকের পুত্র। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি পঞ্চম। তিনি ১৯৯৬ সালে সিলেট ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং পরে ঢাকার একটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করেন।

পেশাগত জীবনে তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির দুবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই অর্জনে আবেগ উচ্ছ্বাস প্রকাশ করে অ্যাডভোকেট ফজলুল হক সেলিম বলেন, ‘লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন আমার জীবনের একটি অন্যতম মাইলফলক। মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মা, শিক্ষক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আইন পেশায় সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে যেন দায়িত্ব পালন করতে পারি, এ জন্য আমি সবার দোয়া চাই।’

বাংলাদেশ থেকে আরো পড়ুন