https://www.prothomalony.com/

17724

north-america

উত্তর আমেরিকা

পরিবেশ রক্ষার আন্দোলনে ড. নজরুল ইসলামের অবদানের স্বীকৃতি: আজীবন সম্মাননা প্রদান

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ ০৩:২০

“পরিবেশ প্রাণ, নির্মল পরিবেশ ও সুন্দর জীবন”—এই প্রত্যয়কে ধারণ করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও নিরাপদ পৃথিবী বিনির্মাণের আহ্বানে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (BEN)-এর ২৮ বছর পূর্তি উৎসব। একই সঙ্গে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা সৃষ্টি ও টেকসই পরিবেশ আন্দোলনে আজীবন অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ BEN-এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের অন্যতম পথিকৃৎ ড. নজরুল ইসলামকে প্রদান করা হয়েছে বিশেষ আজীবন সম্মাননা।

গত ১৮ জুলাই ২০২৬, শনিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুঁইস সেন্টারে BEN নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাট চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিবেশবিদ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

পরিবেশ রক্ষায় ড. নজরুল ইসলামের দীর্ঘ কয়েক দশকের গবেষণা, চিন্তাধারা, নেতৃত্ব এবং বাংলাদেশে পরিবেশ আন্দোলনকে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনে পরিণত করার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজকরা তাঁকে এই সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে ড. নজরুল ইসলামকে নিয়ে একটি বিশেষ গবেষণাধর্মী ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিওতে তাঁর পরিবেশ আন্দোলনের দীর্ঘ পথচলা, বাংলাদেশে পরিবেশ সংরক্ষণে তাঁর ভূমিকা এবং BEN প্রতিষ্ঠার পেছনের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয়। পরে BEN-এর পক্ষ থেকে তাঁর হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্মাননা গ্রহণের পর আবেগাপ্লুত হয়ে ড. নজরুল ইসলাম বলেন, “মানুষ বলে কাছের মানুষ সম্মান পায় না, দূরের মানুষ সম্মান দেয়। কিন্তু আজকের এই আয়োজন সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। কাছের মানুষরাই যে ভালোবাসা ও সম্মান দিয়ে পাশে দাঁড়াতে পারেন, আজ তারই প্রমাণ পেলাম।” তিনি BEN-এর সকল সদস্য, শুভানুধ্যায়ী ও অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন BEN-এর বৈশ্বিক সমন্বয়ক ড. মো. খালেকুজ্জামান। প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সমাজচিন্তক ড. রেহমান সোবহান। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী রনক জাহান।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এখন কোনো একক দেশ বা অঞ্চলের বিষয় নয়; এটি সমগ্র মানবসভ্যতার অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ, নদী-নালা ও জলাশয় রক্ষা, বন উজাড় বন্ধ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তারা বলেন, ড. নজরুল ইসলাম পরিবেশকে শুধু গবেষণার বিষয় হিসেবে দেখেননি, বরং মানুষের জীবন, সমাজ ও ভবিষ্যৎ অস্তিত্বের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (BEN) দেশে ও প্রবাসে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. সালেহ তানভীর, ড. দীপেন ভট্টাচার্য, হাফিজুল হক, অনুষ্ঠানের আহ্বায়ক রানা ফেরদৌস চৌধুরী, নিউইয়র্ক প্রবাসী গল্পকার রাজিয়া নাজমী, সাপ্তাহিক ঠিকানার সাবেক প্রধান সম্পাদক এম ফজলুর রহমান, অধ্যাপক হুসনে আরা, BEN কানাডা চ্যাপ্টারের আহ্বায়ক টিটু খন্দকার, বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম, প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, রানু ফেরদৌস, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক কল্লোল দাশ, সহসাধারণ সম্পাদক হিরো চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনহাজ আহমেদ সাম্মু, সাংবাদিক হাসান ফেরদৌস, অনুষ্ঠানের সদস্য সচিব ইফজাল চৌধুরী, আবুল কাশেম দেলোয়ার এবং চিত্রশিল্পী এম ডি টোকন।

বক্তারা আরও বলেন, একটি নির্মল পরিবেশ ছাড়া মানুষের সুস্থ ও সুন্দর জীবন সম্ভব নয়। তাই পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু কোনো সংগঠন বা সরকারের নয়, প্রতিটি মানুষের। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী রেখে যেতে হলে এখন থেকেই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এরপর সাংস্কৃতিক আয়োজনে উর্বি সাবিনা হাইয়ের প্রাণবন্ত উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নাট্যশিল্পী শিরীন বকুল ও আবৃত্তিশিল্পী মুনমুন সাহা। নিউইয়র্কের নতুন প্রজন্মের শিল্পী আলভান ও লিয়ানা পরিবেশন করেন মনোজ্ঞ পরিবেশনা।

সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘মাটির গান’-এর মো. শাহীন হোসেন, খ্রিস্টেলা কুইয়া, খালেদা পারভীন, তুলি বিশ্বাস, মহুয়া ভট্টাচার্য ও মলি দেসা। তবলায় ছিলেন দেশবরেণ্য তবলা শিল্পী দেবু চৌধুরী। ঢোলে শফিক মিয়া, কিবোর্ডে রবিউল ইসলাম, অক্টোপ্যাডে মিনহাজ আহমেদ সাম্মু এবং পারকেশনে সুমন সহযোগিতা করেন।

এ ছাড়া অনুষ্ঠানের শেষ পর্যায়ে BEN-এর বৈশ্বিক সমন্বয়ক ড. মো. খালেকুজ্জামান, আহ্বায়ক রানা ফেরদৌস চৌধুরী এবং সদস্য সচিব ইফজাল চৌধুরী BEN-এর পক্ষ থেকে অতিথি, সহযোগী, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া অনুষ্ঠানের আর্থিক সহযোগিতার জন্য সালেহ তানভীর, জিয়াউদ্দিন আহমেদ, রাহাত হোসেন (মঞ্জু), আহাদ চৌধুরী, গোলাম কবীর, ড. মো. আসাদুজ্জামান, টিটো খন্দকার, নসরত শাহ, রানু ফেরদৌস, হাসান ফেরদৌস, আমিনুল হক চুন্নু, হাফিজুল হক, জাকির হোসেন বাচ্চু, ড. দীপেন ভট্টাচার্য, রাজিয়া নাজমী, হিরো চৌধুরী, মিনহাজ আহমেদ সাম্মু ও ফারুক জামানসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

গণমাধ্যম সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়—ঠিকানা, বাঙালী, বাংলা পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, প্রজ্ঞা নিউজ, এটিএন বাংলা নিউজের যুক্তরাষ্ট্র প্রতিনিধি কানু দত্ত, টিবিএন ২৪সহ নিউইয়র্কের সকল মিডিয়ার প্রতি।

শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংগঠনের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশবরেণ্য চিত্রশিল্পী এম ডি টোকন।

পরিবেশ রক্ষার অঙ্গীকার, মানবতার জন্য একটি নির্মল পৃথিবী গড়ার প্রত্যয় এবং ড. নজরুল ইসলামের দীর্ঘদিনের পরিবেশ আন্দোলনের স্বীকৃতির মধ্য দিয়ে BEN-এর ২৮ বছর পূর্তি উৎসব নিউইয়র্কে একটি ঐতিহাসিক ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন