https://www.prothomalony.com/
16322
north-america
কানাডার এডমন্টন শহরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় উদযাপিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার সন্ধ্যায় নগরের একটি মিলনায়তনে এ আয়োজন করে বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অব আলবার্টা।
সংগঠনের সভাপতি সুলতান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক বহুত্ববাদের বিশ্বজনীন প্রতীক। একুশের চেতনাকে প্রাতিষ্ঠানিকভাবে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে আন্তর্জাতিক পর্যায়ে আরও উদ্যোগ প্রয়োজন।
সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ১৯৯৯ সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দেয়। তবে প্রবাসে এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ধারাবাহিক সাংস্কৃতিক চর্চা জরুরি।
অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার ও নামাজের পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। শিশু-কিশোরদের গান, কবিতা ও আবৃত্তিতে প্রবাসের মঞ্চে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পুরো আয়োজনজুড়ে প্রতিধ্বনিত হয় একটাই অঙ্গীকার, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন