https://www.prothomalony.com/

9742

north-america

উত্তর আমেরিকা

এ সম্মান বাংলাদেশের, এ সম্মান বাংলা সঙ্গীতেরঃ শুভ্র দেব

প্রকাশ: ১৯ মে ২০২৪ ১০:১৩

সদ্য একুশে পদক পাওয়া সঙ্গীত শিল্পী শুভ্র দেব বলেছেন, 'গানের মধ্য দিয়ে জনসমাজকে অনুপ্রাণিত করতে পেরেছি দেখে এক ধরনের তৃপ্তি পাই। দেশের সীমানা পেরিয়ে বাংলা গান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক আগেই বিচরণ করেছি। তবে যুক্তরাষ্ট্রের একটি শহরের নির্বাচিত প্রতিনিধির হাত থেকে পাওয়া এ সম্মাননা প্রকৃত অর্থে বাংলাদেশকে সম্মান জানানো হয়েছে বলে আমি মনে করি।

নিউজার্সির ফ্রাঙ্কলিন টাউনশিপের নির্বাচিত কাউন্সিলওম্যান শিফা উদ্দিনের কাছ থেকে সম্মাননা গ্রহণ করে শিল্পী শুভ্র দেব এসব কথা বলেছেন। ১৭ মে শুক্রবার নিউইয়র্কের আমাজুরা কন্সার্ট মঞ্চে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। একই সাথে বাংলাদেশের লোকগানের মুকুটহীন সম্রাজ্ঞী মমতাজ বেগমকেও সম্মাননা জানানো হয় ফ্রাঙ্কলিন টাউনশিপের পক্ষ থেকে।

অনুষ্ঠান মঞ্চে দেয়া বক্তৃতায় কাউন্সিলওম্যান শিফা উদ্দিন বলেছেন, বহু জাতিগোস্টির দেশ আমেরিকায় বাংলাদেশের মানুষ সম্মানের সাথে বসবাস করছেন নিজস্ব সংস্কৃতি ধারণ করে। সম্মাননা পাওয়া দুই শিল্পী দেশের সীমানা পেরিয়ে বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা বাংলাদেশিদের অনুপ্রাণিত করে যাচ্ছেন তাদের কর্মের মাধ্যমে। জনমানুষকে সুস্থ সাংস্কৃতিক চেতনায় উদ্ভূদ্ব করার জন্যই মমতাজ বেগম এবং শুভ্র দেবকে এ সম্মাননা জানানো হচ্ছে বলে তিনি উল্লেখ করলেন।

শিল্পী মমতাজ বেগমের একক সংগীতানুষ্ঠান মঞ্চে এ সম্মাননা প্রদান পর্যায়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা, প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরী, গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার এবং সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ , শিল্পী রানু নেওয়াজ প্রমুখ।
সম্মাননা প্রাপ্তির পর দেয়া প্রতিক্রিয়ায় শিল্পী মমতাজ বলেছেন, মাটি ও মানুষের জন্য সারা জীবন গান গেয়েছেন। দেশে ও দেশের বাইরে মানুষের অবারিত ভালোবাসা একজন শিল্পীর জন্য বড় পায়না বলে তিনি উল্লেখ করেন। আমেরিকার নির্বাচিত প্রতিনিধি, সরকারসহ এখানে বসবাসরত বাংলাদেশিরা যে ভালোবাসা দেখিয়েছেন তাঁর জন্য এ শিল্পী সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

শুভ্র দেব এক পৃথক প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় পদক পাওয়ার পর যারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ করে আমেরিকায় জন্ম ও বড় হওয়া একজন শিফা উদ্দিন বাংলা গান ও সংস্কৃতিকে নিজের মধ্যে লালন করছেন দেখে ভালো লাগছে উল্লেখ করে শুভ্র দেব বলেন, বাংলা ও বাঙালিত্ব এভাবেই বেঁচে থাকবে প্রজন্মান্তরে।    

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন