https://www.prothomalony.com/
6584
entertainment
এবার প্যারিস ফ্যাশন উইকে অংশ নিচ্ছেন বাংলাদেশের মেয়ে জেরিন সাদিয়া সোহা। তিনি ক্যাটওয়াক করবেন দুজন ফ্যাশন ডিজাইনারের পোশাকে।
সোহা এবার হাঁটবেন ভারতীয় ডিজাইনার প্রশান্ত গোয়ালের 'হেরিটেজ ইন্ডিয়া ফ্যাশন' লেবেলের কাপড় পরে। এই ভারতীয় ডিজাইনার আমেরিকাতেই থাকেন। তাঁর শো অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। এই শোতে শো স্টপার হিসেবে আলিয়া ভাট ও রণবীর সিংয়ের যোগ দেওয়ার কথা আছে বলেও জানান তিনি।
অন্যদিকে পরের দিন তিনি পা মেলাবেন দুবাইভিত্তিক ফিলিপিনো ডিজাইনার ক্রিস্টাল অ্যানের পোশাকে। এই ডিজাইনার ফিলিপাইনের হলেও তাঁর জন্ম ও বড় হওয়া দুবাইতে। দুটি শো–ই অনুষ্ঠিত হবে প্যারিসের হাইটেক মোডা প্যারিসের এসএআরএল সালোঁ ডি মিরোয়ারসে।এই আয়োজনটি করছে আমেরিকান এজেন্সি সাউন্ডপেস, যেটির কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী ওমর চৌধুরী।
'প্যারিস ফ্যাশন উইক'-বিশ্বের অন্যতম বৃহত্তম ফ্যাশন উইক এর একটি। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে 'প্যারিস ফ্যাশন উইক' শুরু হচ্ছে বলে জানা গেছে।
.jpeg)
'প্যারিস ফ্যাশন উইক' নিয়ে মডেল সোহা বলেন, 'প্যারিস ফ্যাশন উইক'-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত বোধ করছি। আমি সত্যিই অনেক এক্সাইটেড। বাংলাদেশি হিসেবে এখানে এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছি, এটা ভাবতেই অনেক ভালো লাগছে। দেশের বাইরে এসে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারাটা অন্যরকম এক ভালো লাগার হয়ে থাকবে আমার কাছে।'
গত বছর নিউইয়র্কে অনুষ্ঠিত 'নিউইয়র্ক ফ্যাশন উইক'-এ অংশগ্রহণ করে ছিলেন মডেল সোহা। এতে প্রথমবারের মতো র্যাম্পে হেঁটেছেন এই ফ্যাশন মডেল। এসময় তিনি দেশ-বিদেশি বেশ প্রশংসিত হয়েছিলেন। সোহা ছাড়াও সেখানে আলো ছড়িয়েছে দেশি-বিদেশি অনেক নামকরা মডেল ও তারকারা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অসংখ্য ব্র্যান্ডের সাথে কাজ করেছেন সোহা। এর মধ্যে উল্লেখযোগ্য, 'কিস বিউটি ইউএসএ', 'ফাস্ট শ্যাম্পু', 'ডার্মালোজিকা' ব্র্যান্ডের মডেল হয়েছে তিনি। নিউইয়র্কে ২০২১ সালে ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা বাংলাদেশি 'সেরা মডেল' হিসাবে পুরস্কার পেয়েছেন।
জেরিন সাদিয়া সোহা। বাংলাদেশের ফ্যাশন মডেল। প্রায় ৪ বছর ধরে পড়াশোনার জন্য থাকছেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন। এর পাশাপাশি করছেন মডেলিং। অংশ নিচ্ছেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। খুলনার মেয়ে সোহার শখ ভ্রমণ, নতুন নতুন খাবার ট্রাই করা, ছবি আঁকা, বইপড়া।
বাবা কাজী সাখাওয়াত হোসেন ব্যবসা করেন, মা শিরিন হোসেন গৃহিণী। দুই বোনের মধ্যে সোহা বড়।
বিনোদন থেকে আরো পড়ুন