https://www.prothomalony.com/

5757

entertainment

বিনোদন

বিপার ৩০ বছর পূর্তি উৎসবঃ শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করবেন মৌলি এবং ইমরান

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ ১৫:১৫

যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের গর্বের প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অফ পারফর্মিং আর্টস (বিপা)। বাংলা সংস্কৃতিকে চর্চায় ও অনুশীলনের মাধ্যমে সংগঠনটি বহুজাতিক জনমিশ্রনের দেশে বাংলাদেশীদের আত্মপরিচয়ের এক সংগঠন হিসেবে পরিচিত হয়ে উঠেছে। বিপা ৩০ বছর পূর্তির অনুষ্ঠান করছে। নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং সেন্টার অফ আর্টসে ৪ দিনব্যাপী উৎসব শুরু হচ্ছে ২৭ জুলাই বৃহস্পতিবার।

প্রথম দিনের অনুষ্ঠানে বিপা আমন্ত্রণ জানিয়েছে সংবাদমাধ্যমের লোকজন সহ বিশিষ্টজনদের। চারদিন ব্যাপী অনুষ্ঠান সফল করার জন্য সংগঠনটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। এর নিবেদিত সংগঠকরা ৩০ বছরে দূর দেশে তাদের এগিয়ে যাওয়াকে উপস্থাপন করবেন চারদিনের অনুষ্ঠানমালায়।

উৎসবের শেষ দিন ৩০ জুলাই রোববার। এদিন থাকবে মৌলি-ইমরানের শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান ‘ধ্রুপদী ছন্দে নৃত্য’।  নৃত্যশিল্পী মৌলি ও ইমরান এরমধ্যেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। এখানকার নৃত্যশিল্পীদের নিয়ে প্রতিদিনই অংশ নিচ্ছেন মহড়ায়।

সিলেটের জুয়েইরিয়াহ মৌলি ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রোডাকশন, নৃত্য) হিসেবে কর্মরত। ইশতিয়াক ইমরান ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কথক নৃত্যে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক হিসেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত।

মৌলি এবং ইমরান এরআগে ভারত, রাশিয়া, জাপান, তুরস্ক, ফান্স এবং সুইজারল্যান্ডের বিভিন্ন নৃত্য উৎসবে নৃত্য পরিবেশন করেছেন। এমন আয়োজনে আমন্ত্রণ জানানোয় বিপা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মৌলি এবং ইমরান। 

বিনোদন থেকে আরো পড়ুন