https://www.prothomalony.com/
18724
north-america
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ০৩:২৫
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে দুই দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রতিষ্ঠান ‘রয়্যাল বেঙ্গল বাংলাদেশি কুজিন’ আয়োজিত এ উৎসবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
গত শনিবার ও রোববার (২১ ও ২২ নভেম্বর) প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে উৎসবের আয়োজন। আয়োজকদের মতে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা এবং দেশীয় খাবারের স্বাদ প্রবাসীদের কাছে ফিরিয়ে আনাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল হরেক রকমের দেশীয় পিঠা। উৎসবস্থলেই তৈরি করা হয় বিভিন্ন স্বাদের গরম গরম পিঠা। আগত অতিথিরা পছন্দের পিঠার স্বাদ গ্রহণের পাশাপাশি উপভোগ করেন বাঙালির শীতকালীন খাবারের ঐতিহ্য। এ ছাড়া একই ছাদের নিচে বসে দেশীয় পোশাক, গয়না, ঘর সাজানোর সামগ্রীসহ বিভিন্ন পণ্যের স্টল। এসব স্টল থেকেও কেনাকাটা করেন দর্শনার্থীরা।
উৎসবের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপস্থিতি ছিল বেশি। এদিন সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে মিশিগানের স্থানীয় শিল্পীদের পাশাপাশি শিশু-কিশোরীরাও সংগীত ও নৃত্য পরিবেশন করেন। পিঠার স্বাদ গ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আগত অতিথিরা।
দুই দিনের এ আয়োজন প্রবাসী বাঙালিদের কাছে হয়ে ওঠে শিকড়ের টানে একত্র হওয়ার উপলক্ষ। পিঠার স্বাদে প্রবাসী প্রবীণদের মনে ফিরে আসে দেশের শীতের দিনের স্মৃতি। অন্যদিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয় বাংলার চিরায়ত পিঠা-পুলির ঐতিহ্য।
উৎসবে অংশ নেওয়া অতিথিরা জানান, দেশীয় পিঠার স্বাদ, গান ও নাচের আয়োজনে প্রবাসের মাটিতেও তাঁরা যেন কিছুক্ষণের জন্য ফিরে পেয়েছিলেন ফেলে আসা দেশের চেনা পরিবেশ। এ ধরনের আয়োজন প্রবাসে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে দেশের শেকড়ের সংযোগ আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন