https://www.prothomalony.com/
18642
north-america
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ০৪:০২
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে দেশজুড়ে খাদ্য সহায়তা কর্মসূচির আওতাভুক্ত দোকানগুলোর জন্য নতুন নিয়ম বাস্তবায়নে অন্তত ৯০ দিনের সময় বাড়িয়ে নিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এতে ছোট মুদি দোকান ও বডেগাগুলো প্রয়োজনীয় খাদ্যপণ্য সংগ্রহ এবং নতুন শর্ত পূরণের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাবে।
গত ১৩ নভেম্বর সিটি হলে এক সংবাদ সম্মেলনে মামদানি জানান, তার অনুরোধে ট্রাম্প প্রশাসন তাৎক্ষণিকভাবে এই ছাড় কার্যকর করেছে। এর ফলে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকার হাজার হাজার ছোট ব্যবসাপ্রতিষ্ঠান নতুন নিয়ম মেনে চলার জন্য অন্তত আরও তিন মাস সময় পাবে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের নতুন নিয়মটি ৪ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এতে খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় খাদ্য কেনার সুবিধা দেওয়া দোকানগুলোকে আগের তুলনায় বেশি নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল খাদ্যপণ্য রাখতে বলা হয়েছে। নিয়ম পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দোকানের অনুমোদন বাতিল হতে পারে। সে ক্ষেত্রে দোকানগুলো সরকারি খাদ্য সহায়তার অর্থ বা ফুড স্ট্যাম্প গ্রহণ করতে পারবে না।
নিউইয়র্কের বডেগা ও ছোট মুদি দোকানগুলো নতুন নিয়মের কারণে সবচেয়ে বেশি চাপে পড়ার আশঙ্কা ছিল। এসব দোকানের অনেকগুলোর জায়গা সীমিত এবং পর্যাপ্ত শীতাতপ নিয়ন্ত্রিত খাদ্য সংরক্ষণব্যবস্থা নেই। ফলে নির্ধারিত পরিমাণ খাদ্যপণ্য মজুত করা তাদের জন্য কঠিন হতে পারে। এতে ব্যবসায়ীরা গ্রাহক হারানোর ঝুঁকিতে পড়তেন। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের খাদ্য কেনার সুযোগও সীমিত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।
নতুন নিয়ম কার্যকরের আগে মামদানি কৃষিমন্ত্রী ব্রুক রলিন্সকে চিঠি দিয়ে এর প্রয়োগ ছয় মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন অন্তত ৯০ দিনের ছাড় দিয়েছে। এই সময়ে নিউইয়র্ক সিটির ক্ষুদ্র ব্যবসাসেবা বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে দোকানমালিকদের নতুন নিয়ম সম্পর্কে জানাবে এবং তা পূরণে সহায়তা করবে।
মামদানি বলেন, এই সময়ের মধ্যে ব্যবসায়ীরা প্রয়োজনীয় পণ্য সংগ্রহ, সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ তৈরি এবং নতুন নির্দেশনা অনুযায়ী দোকান প্রস্তুত করার সুযোগ পাবেন। তিনি ট্রাম্প ও কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত নিউইয়র্কসহ পুরো যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বস্তি দেবে।
তবে মামদানি নতুন নিয়ম বাতিলের দাবি জানাননি। তার উদ্বেগ ছিল বডেগা মালিকদের তাৎক্ষণিক সংকট এবং প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময়ের অভাব। ট্রাম্প প্রশাসনও জানিয়েছে, নতুন নিয়ম শেষ পর্যন্ত কার্যকর হবে। কৃষি বিভাগের এক মুখপাত্রের ভাষ্য, শিশুদের আরও স্বাস্থ্যকর খাবার পাওয়ার সুযোগ নিশ্চিত করতেই এই নিয়ম করা হয়েছে। অতিরিক্ত ৯০ দিন কেবল ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতির সুযোগ দিতে দেওয়া হয়েছে; এটি নিয়ম বাতিলের সিদ্ধান্ত নয়।
ট্রাম্পের সঙ্গে মামদানির রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাম্প্রতিক সময়ে দুই পক্ষের আলোচনায় নিউইয়র্কের জন্য কিছু সুবিধা এসেছে। এর আগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ফেডারেল আটকাবস্থা থেকে মুক্তির বিষয়েও মামদানির প্রশাসনের ভূমিকা ছিল। খাদ্য সহায়তার দোকানগুলোর জন্য পাওয়া এই ছাড়কে দুই নেতার অপ্রত্যাশিত সহযোগিতার আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন