https://www.prothomalony.com/

18423

new-york

নিউইয়র্ক

প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও কমিউনিটি স্বাস্থ্যসচেতনতা নিয়ে প্রথম আলো পরিবারের ভিন্নধর্মী আয়োজন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ০৪:৪৫

প্রকৃতি, বন্যপ্রাণী সংরক্ষণ ও কমিউনিটি স্বাস্থ্যসচেতনতা নিয়ে আলোচনা, মতবিনিময় এবং প্রবাসীদের অংশগ্রহণে নিউইয়র্কের জামাইকায় অনুষ্ঠিত হয়েছে ‘দেখা-সাক্ষাৎ’ শীর্ষক এক আড্ডা ও আলোচনা অনুষ্ঠান। ১৪ অক্টোবর বুধবার বিকেল ৫টায় জামাইকার অঙ্গন পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রকৃতি ও বন্যপ্রাণীপ্রেমী অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি আনসার উদ্দিন খান পাঠান, ডা. সুমাইয়া চৌধুরীসহ অতিথিরা অংশ নেন।

ইব্রাহীম চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কাউন্সিলওম্যান শিফা উদ্দিন, মনজুরুল হক, মঞ্জুর আহমেদ, নাসির খান পল, মাহবুব রহমান, জাকির হোসেন, ফকু চৌধুরী, সেলিনা উদ্দিন, সিআইপি কল্লোল আহমেদ, জেবুন্নেছা জ্যোৎস্না, ফরিদা ইয়াসমীন, রাশিদা আক্তার, সাহানা ইয়াসমিন, স্নো ফ্লেক্স শাবানা, মনিষা দত্ত, ভায়লা সালিনা, শেলী জামান খান, রূপা খানম, সেমু আফরোজা, এলমা সিদ্দিকী, মাহমুদুল চৌধুরী, মিয়া মোহাম্মদ আছকীর, মইজ উদ্দীন, জহির হোসেন, কামরুল হাসান, মাহমুদুল ইসলাম কাইয়ুম, মোহাম্মদ এমন রহমান, আবু তোরাব খান, মো. নাসির, মো. জহুরুল হক, পলাশ সাহা, মো. আবু তাহের চৌধুরী, মাহফুজা চৌধুরী, আইয়ান চৌধুরী, আনোয়ার মন্ডল, হুমায়ূন কবির লিটন, ইশতেহাক চৌধুরী, মোহাম্মদ চৌধুরী, মো. আব্দুল কাইয়ুম, মোহাম্মদ হোসেন, রাহাত রহমান, জেমস, শামীম চৌধুরী, সাদাত কবির, মো. মনসুর আহমদ, মোহাম্মদ আশরাফুজ্জামান, নীলুফার খান, নুজহাত, মশিউল মাহীন, স্বপ্না খান, চৌধুরী মো. শেখসহ অনেকে।

অনুষ্ঠানে আনসার উদ্দিন খান পাঠান প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে বক্তব্য দেন। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, পরিবেশের ভারসাম্য এবং বন্যপ্রাণী রক্ষায় সচেতনতার গুরুত্ব নিয়ে তিনি আলোচনা করেন। বাংলাদেশের পুলিশ বিভাগের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তা পাখি, প্রকৃতি ও ফটোগ্রাফি নিয়ে চমৎকার আলোচনা করেন। বিভিন্ন প্রজাতির পাখি, তাদের বৈচিত্র্য ও জীবনযাপন সম্পর্কে তাঁর বক্তব্য উপস্থিত অতিথিরা মুগ্ধ হয়ে শোনেন।

ডা. সুমাইয়া চৌধুরী কমিউনিটি স্বাস্থ্যসচেতনতা নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যবিষয়ক অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতনতার অভাবে আমাদের সমাজে আলোচনা ও উদ্যোগের ঘাটতি থেকে যায়। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও কমিউনিটিতে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আলোচনা ও মতবিনিময়ের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে নিউজার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপের পক্ষ থেকে কাউন্সিলওম্যান শিফা উদ্দিন আনসার উদ্দিন খান পাঠানকে একটি সম্মাননাপত্র প্রদান করেন। সম্মাননাপত্র হস্তান্তরের সময় তিনি বলেন, প্রথম আলো উত্তর আমেরিকা নিউইয়র্ক ও নিউজার্সিতে বসবাসরত কমিউনিটিকে নিয়ে নিয়মিত ব্যতিক্রমী আয়োজন করে আসছে। আনসার উদ্দিন খান পাঠানকে নিউজার্সির একটি টাউনশিপের পক্ষ থেকে সম্মাননা দেওয়া প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করা একজন আলোকিত মানুষের অবদানের স্বীকৃতি।

জবাবে আনসার উদ্দিন খান পাঠান তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাউন্সিলওম্যান শিফা উদ্দিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রকৃতি ও পরিবেশবিষয়ক সংগঠন ধরার উত্তর আমেরিকা সমন্বয়ক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী সেলিনা উদ্দিন বলেন, তিনি সব সময় ভালো কাজের পাশে থাকার চেষ্টা করেন। আনসার উদ্দিন খান পাঠান ও ডা. সুমাইয়া চৌধুরীকে অভিনন্দন জানিয়ে তিনি এমন ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

নিউইয়র্কের প্রবীণ কমিউনিটি সংগঠক ও রিপাবলিকান নেতা নাসির খান পল বলেন, প্রথম আলো উত্তর আমেরিকা সব সময় ব্যতিক্রমী অনুষ্ঠান ও ব্যতিক্রমী মানুষের সমাবেশ ঘটিয়ে কমিউনিটিকে আলোকিত করে রাখছে।

অনুষ্ঠানে আনসার উদ্দিন খান পাঠান, ডা. সুমাইয়া চৌধুরী এবং প্রখ্যাত শিল্পী বারী সিদ্দিকীর মেয়ে এলমা সিদ্দিকীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সুস্থ জীবনযাপনের অভ্যাস এবং স্বাস্থ্যবিষয়ক নির্ভরযোগ্য তথ্যের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি অন্যদের কথা শোনার সুযোগ পান।

অনুষ্ঠানটি আয়োজনে যুক্ত ছিল প্রথম আলো উত্তর আমেরিকা পরিবার, দেশি ট্রিবিউন ও প্রথম আলো ফাউন্ডেশন ইউএসএ। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে সংগীত পরিবেশন করেন জাকির হোসেন ও এলমা সিদ্দিকী।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন