https://www.prothomalony.com/
18418
new-york
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ০৩:২১
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের আসন্ন নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। আগামী ২৫ অক্টোবর (রোববার) অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে সেলিম-আলী প্যানেলের সমর্থনে নির্বাচনী সমাবেশ ও মতবিনিময় সভা করেছেন নিউইয়র্কে বসবাসরত উত্তরবঙ্গের প্রবাসীরা। এতে প্যানেলের প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মী ও ভোটাররা।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকার পরিণীতা পার্টি হলে নর্থ বেঙ্গলবাসীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কসসহ নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে কয়েক শ প্রবাসী বাংলাদেশি অংশ নেন। নির্বাচনী প্রচারণার পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, বাংলাদেশ সোসাইটির ভবিষ্যৎ কার্যক্রম এবং সংগঠনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সমাবেশে বিশেষ গুরুত্ব পান সেলিম-আলী প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী ও উত্তরবঙ্গের সন্তান মোহাম্মদ কামরুজ্জামান কামরুল। তাঁকেসহ প্যানেলের অন্য প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান উত্তরবঙ্গের বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশিদের ঐক্য সুসংহত করা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং বাংলাদেশ সোসাইটির চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। তাঁরা সেলিম-আলী প্যানেলের পক্ষে ভোট দিতে উত্তরবঙ্গের প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সেলিম-আলী প্যানেলের সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী। তাঁরা সমর্থন ও সহযোগিতার জন্য উত্তরবঙ্গবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটিকে আরও আধুনিক, কার্যকর ও প্রবাসীবান্ধব সংগঠনে রূপান্তরের প্রতিশ্রুতি দেন।
আতাউর রহমান সেলিম বলেন, বাংলাদেশ সোসাইটিকে শুধু সামাজিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রবাসীদের দৈনন্দিন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে সংগঠনের কার্যক্রম ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা, স্থায়ী কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা এবং একই জায়গা থেকে প্রবাসীদের প্রয়োজনীয় সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
.jpg)
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী বলেন, নিউইয়র্কে নতুন আসা বাংলাদেশি অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে তথ্য এবং কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়াতে স্থায়ীভাবে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
বক্তারা আরও জানান, প্রবীণ প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগাতে একটি পরামর্শ ও সহযোগিতা নেটওয়ার্ক গড়ে তোলা এবং মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে বিশেষজ্ঞদের সহায়তায় কাউন্সেলিং কার্যক্রম চালুর বিষয়টিও তাঁদের নির্বাচনী পরিকল্পনায় রয়েছে।
পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি এ বি এম কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী এনাম, প্রধান সমন্বয়কারী ও চিটাগাং অ্যাসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হক চৌধুরী, জ্যামাইকা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম লিপন, জ্যামাইকা সেন্টারের আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন মজুমদার, জে মোল্লা সানি, জহিরুল ইসলাম, কাজী এম আর খান সেলিম, ইসলাম হোসেন শিপন, ফারুক হোসেন ও শামীম হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
সমাবেশে সেলিম-আলী প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মহিউদ্দীন দেওয়ান, সহসভাপতি পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুন চেয়ারম্যান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মুনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী রুমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদপ্রার্থী হাসান খান, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক পদপ্রার্থী এ এস এম মাইন উদ্দীন বাবলু, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক পদপ্রার্থী শাহনাজ হোসেন এবং যুব ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী।
এ ছাড়া কার্যকরী সদস্য পদপ্রার্থী মোহাম্মদ উজ্জ্বল বিপুল, সারোয়ার খান বাবু, মোহাম্মদ এ মান্নান, শামীম আহমেদ, মোহাম্মদ আব্দুল মালেক খান ও কাজী রবিউজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রার্থীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচিত হলে নিজ নিজ অবস্থান থেকে সংগঠনের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে উত্তরবঙ্গের প্রবাসী নেতারা বলেন, বাংলাদেশ সোসাইটির নেতৃত্ব নির্বাচনে আঞ্চলিক পরিচয়ের পাশাপাশি প্রার্থীদের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও প্রবাসীদের কল্যাণে কাজ করার মানসিকতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাঁরা সেলিম-আলী প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত প্রার্থী, বিভিন্ন সংগঠনের নেতা ও ভোটারদের ধন্যবাদ জানানো হয়। আগামী ২৫ অক্টোবরের নির্বাচনে সেলিম-আলী প্যানেলের সব প্রার্থীকে বিজয়ী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। নৈশভোজের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সমাবেশের সমাপ্তি ঘটে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন