https://www.prothomalony.com/
18377
new-york
বিশ্বের অন্যতম পরিচিত পর্যটনকেন্দ্র নিউইয়র্কের টাইমস স্কয়ারে শুরু হচ্ছে দুই দিনব্যাপী মহালয়া ও শারদীয় দুর্গোৎসব। শনিবার (১০ অক্টোবর) 'মহামিলন ২০২৬' প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবের সূচনা হবে। যা চলবে রোববার (১১ অক্টোবর) পর্যন্ত।
টাইমস স্কয়ার দুর্গোৎসব অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবের মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে বাঙালির ধর্মীয় ঐতিহ্য, সাহিত্য, সংগীত, নৃত্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির চিরন্তন বার্তা। ম্যানহাটনের প্রাণকেন্দ্র ফাদার ডাফি স্কয়ারে অনুষ্ঠিতব্য এ আয়োজনকে ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আয়োজকদের সূচি অনুযায়ী, শনিবার মহালয়ার বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উৎসব সূচিত হবে। কর্মসূচিতে থাকছে চণ্ডীপাঠ, মহিষাসুরমর্দিনী, দেবী দুর্গার বন্দনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। আগামীকাল রোববার সকালে অনুষ্ঠিত হবে মহাষ্টমী পূজা, বিজয়া দশমীর অনুষ্ঠান ও সিঁদুরখেলা।
এবারের উৎসবের অন্যতম আকর্ষণ যুক্তরাষ্ট্রের ছয়টি ঐতিহ্যবাহী বাঙালি সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান। যুক্তরাষ্ট্রে দুর্গাপূজা উদ্যাপন ও সংস্কৃতি সংরক্ষণে অবদানের জন্য ক্যালিফোর্নিয়ার ‘বে এরিয়া প্রবাসী ইনক’, ইলিনয়ের ‘বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব গ্রেটার শিকাগো’, ওহাইওর ‘বেঙ্গলি কালচারাল সোসাইটি’, নিউ ইয়র্কের ‘ইস্ট কোস্ট দুর্গা পূজা অ্যাসোসিয়েশন’, নিউ জার্সির ‘কল্লোল’ এবং পেনসিলভানিয়ার ‘প্রগতি’; এই ছয় সংগঠনকে সম্মাননা দেওয়া হবে।
উৎসবে নিউইয়র্কের স্থানীয় জনপ্রতিনিধি, কূটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।
আয়োজক কমিটি জানিয়েছে, সভাপতি শশধর হাওলাদার ও সাধারণ সম্পাদক নিরুপমা সাহার সমন্বয়ে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আয়োজন উপলক্ষে বিশ্বজিত সাহার সম্পাদনায় ‘টাইমস স্কয়ার শারদীয়া ২০২৬’ নামে একটি বিশেষ স্মরণিকা প্রকাশিত হয়েছে, যাতে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং নিউইয়র্কের মেয়রের কার্যালয়ের শুভেচ্ছাবার্তা স্থান পেয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন