https://www.prothomalony.com/
18376
bangladesh
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ ০৩:০০
বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও লেখক হারুন চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং সহমর্মিতা জানাতে সম্প্রতি ভার্জিনিয়ায় তার বাসভবনে গিয়েছেন একদল বাংলাদেশি কমিউনিটি নেতা ও সাংবাদিক।
ভার্জিনিয়ায় তার বাসভবনে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন শিব্বীর আহমেদ, জেডআই রাসেল, শেখ সেলিম, সাদেক এম. খান এবং জুয়েল বড়ুয়া। তারা ৭৭ বছর বয়সী সাবেক এই যুদ্ধকালীন কমান্ডারের সঙ্গে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

পরিবারের সদস্যরা জানান, প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন বয়সজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। শারীরিক জটিলতার কারণে বর্তমানে তার চলাফেরা সীমিত হয়ে পড়েছে এবং দৈনন্দিন কাজের জন্য অন্যদের ওপর নির্ভর করতে হচ্ছে।
সাক্ষাৎকালে দীর্ঘদিনের সহকর্মীদের কাছে পেয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন হারুন চৌধুরী। পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা স্মৃতি এবং পুরোনো দিনের নানা গল্প নিয়ে স্বজনদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটান তিনি। প্রবীণ এই বীরের জন্য নিকটজনদের এই আগমন স্বস্তি ও মানসিকভাবে দারুণ সমর্থন জোগায়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে হারুন চৌধুরীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভারতের আগরতলার মেলাঘরে সামরিক প্রশিক্ষণ শেষে ২ নম্বর সেক্টরের কে-ফোর্সে মেজর জেনারেল খালেদ মোশাররফ ও মেজর হায়দারের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরবর্তীতে শ্রীনগর থানা এলাকায় সফল সামরিক অভিযানের নেতৃত্ব দেন তিনি।
দেশ স্বাধীনের পর সাংবাদিকতা ও লেখালেখিকে পেশা হিসেবে বেছে নেন হারুন চৌধুরী। দীর্ঘদিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত 'সাপ্তাহিক ঠিকানা'র ওয়াশিংটন, ডিসি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। প্রবাসীদের মধ্যে সাংবাদিকতা ও সাহিত্যচর্চার জন্য তিনি বেশ সুপরিচিত ও শ্রদ্ধেয়।
মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতার ওপর তার বেশ কয়েকটি বহুল পঠিত বই রয়েছে। এর মধ্যে অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত 'আমার মুক্তিযুদ্ধ আমার অহংকার ১৯৭১' এবং 'সাংবাদিকের সংবাদ' বিশেষভাবে উল্লেখযোগ্য।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে প্রবাসী সমাজ ও সাংবাদিকতায় হারুন চৌধুরীর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক এবং তার শুভাকাঙ্ক্ষীদের এই প্রবীণ মুক্তিযোদ্ধা ও তার পরিবারের জন্য দোয়া ও শুভকামনা জানানোর আহ্বান জানান তারা।
বাংলাদেশ থেকে আরো পড়ুন