https://www.prothomalony.com/

18355

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে হাম রোগের প্রাদুর্ভাব, দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ০৬:২০

নিউইয়র্কে হাম রোগের সংক্রমণ বাড়তে থাকায় রাজ্যজুড়ে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোচুল। রাজ্য স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর পর্যন্ত ২০২৬ সালে নিউইয়র্কে মোট ১০৮ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।

এর মধ্যে নিউইয়র্ক সিটিতে ৭ জন এবং সিটির বাইরে ১০১ জন আক্রান্ত হয়েছেন। গত ১৫ জুলাই থেকে রাজ্যের ১৮টি কাউন্টির গ্রামীণ এলাকায় ৯২টি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এসব সংক্রমণ মূলত কম টিকাদান-হারের জনগোষ্ঠীর মধ্যে বেশি দেখা যাচ্ছে।

সোমবার গভর্নর হোচুল একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তার কার্যালয় জানিয়েছে, এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন সংস্থা হাম রোগের সংক্রমণ মোকাবিলায় আরও দ্রুত পদক্ষেপ নিতে পারবে। পাশাপাশি আরও বেশি মানুষকে টিকা দেওয়া ও রোগ শনাক্তের পরীক্ষা করানোর জন্য স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।

এক বিবৃতিতে হোচুল বলেন, টিকা দিয়ে প্রতিরোধ করা সম্ভব এমন একটি রোগে কারও গুরুতর অসুস্থ হওয়া বা মারা যাওয়া উচিত নয়। সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বাড়ানো এবং টিকা ও পরীক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে এমএমআর টিকা বেশিরভাগ মানুষের জন্য সবচেয়ে কার্যকর সুরক্ষা দেয়।

এদিকে নিউইয়র্কের প্রতিবেশী পেনসিলভানিয়ায় হাম রোগের পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। এপ্রিল থেকে শুরু হওয়া সংক্রমণে সেখানে ১ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। প্রায় ২০০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

হাম অত্যন্ত সংক্রামক একটি শ্বাসতন্ত্রের রোগ। আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ, গর্ভপাত, অকাল প্রসব, রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে যাওয়া এবং মৃত্যুর মতো জটিলতা দেখা দিতে পারে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন