https://www.prothomalony.com/
17842
bangladesh
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে বইপড়া ও জ্ঞানচর্চার প্রসারে আয়োজিত এক অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ বলেছেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের কোনো বিকল্প নেই। বর্তমান ডিজিটাল যুগে তরুণ প্রজন্ম যখন অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে বই থেকে দূরে সরে যাচ্ছে, তখন গ্রামাঞ্চলে বইপড়ার এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তিনি বলেন, “সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে। বই মানুষের ভেতরের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। বইপড়ার এই কর্মশালার মাধ্যমে তরুণ ও কিশোর পাঠকেরা বইয়ের গভীরে ডুব দেওয়ার এবং মননশীলতার চর্চায় নতুন অনুপ্রেরণা পাবে বলে আমি বিশ্বাস করি।”
শনিবার (১ আগস্ট) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এর উদ্যোগে আয়োজিত বইপড়া বিষয়ক কর্মশালা, পুরস্কার বিতরণী ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে এবং পাঠক ফোরামের সভাপতি রামু চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ডেপুটি কমান্ডার ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য বলেন, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের নামে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগার শুধু বইয়ের ভাণ্ডার নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনা, জ্ঞানচর্চা ও দেশপ্রেমের এক আলোকবর্তিকা। তিনি বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস, মানবিক মূল্যবোধ ও শিক্ষার আলোয় আলোকিত করার এই মহৎ উদ্যোগ দীর্ঘদিন ধরে অব্যাহত থাকুক। মহান এই বীরের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য স্বাধীনতার প্রেরণা হয়ে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও পদক্ষেপ গণপাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাজহারুল ইসলাম রুবেল বলেন, একটি আদর্শ ও প্রগতিশীল সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন লেখকের বই পড়া এবং নিয়মিত গ্রন্থাগারে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বই মানুষের মনন গড়ে তোলে, আর বৃক্ষ পরিবেশকে সজীব ও বাসযোগ্য রাখে। তাই জ্ঞানচর্চা ও পরিবেশ সংরক্ষণ—দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হবিগঞ্জ জেলা ডাকঘরের পোস্টমাস্টার এস এম মিজানুর রহমান, জেকে অ্যান্ড এইচ কে হাই স্কুলের সিনিয়র শিক্ষক নিপা খান, পদক্ষেপ গণপাঠাগারের নির্বাহী সদস্য হুমায়ুন কবির চৌধুরী, আয়ারল্যান্ডপ্রবাসী সাজেদুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য, ওয়ার্ড সদস্য বিকাশ দত্ত রায়, পল্লী চিকিৎসক বিশ্বজিৎ দাশ নারায়ণ, গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সদস্য সাগর দাশ জনি, জনি দাশ, পাঠক ফোরামের সহসভাপতি সজীব দাশ, সাংগঠনিক সম্পাদক তীর্থ দাশ, প্রান্ত দাশ, জিৎগোপাল দাশ ও দীপ শেখর দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পাঠক-শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ঐশী দাশ দিঘি এবং মানপত্র পাঠ করেন নীলিমা দাশ ন্যান্সি।
অনুষ্ঠানের শেষ পর্বে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘আলী যাকের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থপাঠ’ কর্মসূচিতে অংশগ্রহণকারী ২৪ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তাও তুলে ধরা হয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন