https://www.prothomalony.com/
14979
entertainment
হলিউড অভিনেত্রী লরি লাফলিন এবং ফ্যাশন ডিজাইনার মাসিমো জিয়াননুলি প্রায় ২৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে আলাদা হয়েছেন। লাফলিনের প্রতিনিধি এলিজাবেথ মাচ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে এই দম্পতি বর্তমানে আলাদা থাকছেন এবং বৈবাহিক সম্পর্কে বিরতি নিয়েছেন।
১৯৯৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এ দম্পতির দুটি কন্যা রয়েছে—অলিভিয়া জেড জিয়াননুলি (২৬), জনপ্রিয় ইউটিউবার, এবং ইসাবেলা রোজ জিয়াননুলি (২৭), যিনি অভিনয়ের সঙ্গে যুক্ত।
তাদের বিচ্ছেদের খবরটি আসে বহুল আলোচিত কলেজ ভর্তি ঘুষ কেলেঙ্কারির ছয় বছর পর। ২০১৯ সালের সেই কেলেঙ্কারিতে ধনাঢ্য পরিবারগুলো অবৈধ উপায়ে সন্তানদের নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে ঘুষ ও জালিয়াতির আশ্রয় নিয়েছিল, যা যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে।
লাফলিন ও জিয়াননুলি স্বীকার করেছিলেন যে তারা পরিকল্পনার মূল হোতা উইলিয়াম ‘রিক’ সিঙ্গারকে ৫ লাখ ডলার দিয়েছিলেন। ওই অর্থের বিনিময়ে তাঁদের কন্যাদের ভুয়া তথ্য দেখিয়ে সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (ইউএসসি) নৌকা বাইচ দলে ভর্তি করানো হয়। অথচ তাদের কোনো কন্যারই এ খেলাটিতে কোনো অভিজ্ঞতা ছিল না।
এই ঘটনায় ২০২০ সালের মে মাসে দুজনেই ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন। পরে লরি লাফলিন দুই মাস ও মাসিমো জিয়াননুলি পাঁচ মাসের কারাদণ্ড ভোগ করেন।
বিনোদন থেকে আরো পড়ুন