https://www.prothomalony.com/

14072

sports

খেলাধুলা

২৩ বছরেই উইম্বলডন ফাইনালে, আমেরিকার নতুন তারকা আনিসিমোভা

প্রকাশ: ১২ জুলাই ২০২৫ ০৪:৫৯

২৩ বছর বয়সেই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পা রাখলেন আমেরিকান টেনিস তারকা আমান্ডা আনিসিমোভা। উইম্বলডনের সেমিফাইনালে বর্তমান বিশ্ব এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়লেন নিউ জার্সির এই তরুণী।

বৃহস্পতিবার রাতে লন্ডনের সেন্টার কোর্টে ৬-৪, ৪-৬, ৬-৪ সেটে ২ ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে জয় ছিনিয়ে নেন আনিসিমোভা। ম্যাচ শেষে এই জয়কে নিজের জীবনের সবচেয়ে 'বিশেষ মুহূর্ত' হিসেবে অভিহিত করে বলেন, “এখনো যেন স্বপ্ন মনে হচ্ছে। এটা কতটা কঠিন ছিল, সেটা বলে বোঝানো যাবে না। এখানে খেলতেই পারা আমার জন্য সৌভাগ্যের, আর ফাইনালে ওঠা—একেবারে অনির্বচনীয় অনুভূতি।”

ম্যাচের ফেবারিট ছিলেন সাবালেঙ্কা। কিন্তু আনিসিমোভার সাহসী পারফরম্যান্স আর গ্যালারির দর্শকদের উচ্ছ্বাস সেই সমীকরণ পাল্টে দেয়।
“ওনার র‍্যাঙ্কিং এক নম্বর, কিন্তু গ্যালারিতে সবাই আমার জন্য চিৎকার করছিল। সবার প্রতি আমি কৃতজ্ঞ,” বলেন আমান্ডা।

উল্লেখযোগ্য, সেরেনা উইলিয়ামসের পর আনিসিমোভাই প্রথম মার্কিন নারী যিনি উইম্বলডনের ফাইনালে উঠলেন। সেরেনা সর্বশেষ ২০১৯ সালে এই আসরের ফাইনাল খেলেছিলেন।

নিউ ইয়র্ক টাইমস-এর ক্রীড়া সাংবাদিক ক্রিস্টোফার ক্ল্যারি জানিয়েছেন, প্রথম সেট জেতার পর আনিসিমোভা টানা ২৯ ম্যাচে জয় তুলে নিয়েছেন—এটি তাঁর একটি ব্যতিক্রমী রেকর্ড।

শনিবারের ফাইনালে তাঁর প্রতিপক্ষ হবেন সুইস তারকা বেলিন্ডা বেনচিচ অথবা পোল্যান্ডের ইগা শিয়োনতেক। ফাইনালকে ঘিরে টেনিসপ্রেমীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

খেলাধুলা থেকে আরো পড়ুন