https://www.prothomalony.com/
17262
literature
তুখোড় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের পাঠাভিনয়, জনপ্রিয় কণ্ঠশিল্পী পৌষালী ব্যানার্জী ও অন্তরা মিত্রের সংগীত এবং স্থানীয় শিল্পীদের নানা নান্দনিক পরিবেশনার মধ্য দিয়ে কানাডার টরন্টোয় শেষ হলো ‘টরন্টো সংস্কৃতি সংস্থা’র (টিএসএস) দুই দিনব্যাপী বার্ষিক উৎসব ২০২৬।
শনিবার ও রবিবার (২৩ ও ২৪ মে) স্থানীয় একটি মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়। বৃষ্টিস্নাত আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি দর্শক-শ্রোতার উপস্থিতি উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

এবারের উৎসবের মূল আকর্ষণ ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প ‘মশা’ অবলম্বনে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের একক পাঠাভিনয়। এ ছাড়া ভারতের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী পৌষালী ব্যানার্জী ও অন্তরা মিত্রের মনমুগ্ধকর গান এবং ব্যান্ড দল ‘বাঙালিয়ানা’র পরিবেশনা দর্শকদের দারুণভাবে আলোড়িত করে।

উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল কৃষ্ণকলি সেনগুপ্তর পরিচালনায় শিশু-কিশোরদের সম্মিলিত গান (চিলড্রেন কয়্যার) ‘বরিষ ধরা মাঝে শান্তির বাণী’, ড. সংযুক্তা ব্যানার্জীর পরিচালনায় ‘ডন অব এ নিউ এইজ’, পূজা বিশ্বাসের পরিচালনায় বিশেষ কোরিওগ্রাফি ‘উত্তম কুমার—দ্য শোম্যান অব বেঙ্গলি সিনেমা’ এবং শঙ্খচিল থিয়েটারের নাটক ‘অডিশন’।

দীর্ঘ ও একঘেয়ে বক্তৃতা এড়িয়ে কেবল সাংস্কৃতিক পরিবেশনাকে প্রাধান্য দেওয়াই টিএসএসের অন্যতম বৈশিষ্ট্য। এবারও তার ব্যতিক্রম হয়নি। উৎসবের একপর্যায়ে সংস্থার পরিচালকেরা মঞ্চে এসে স্পন্সর, শুভানুধ্যায়ী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বছর চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবদান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিরলস পৃষ্ঠপোষকতার স্বীকৃতিস্বরূপ ডা. সঞ্জীব মুখার্জীকে টিএসএস ‘আজীবন সম্মাননা পদক’ প্রদান করে। ‘সম্প্রীতির বন্ধনে এক হোক মানবতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসব উপলক্ষে একটি দৃষ্টিনন্দন স্মারকগ্রন্থও প্রকাশ করা হয়।
২০০৪ সালে কয়েকজন আড্ডাপ্রিয় বাঙালির হাত ধরে যাত্রা শুরু করে টরন্টো সংস্কৃতি সংস্থা (টিএসএস)। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরা এবং প্রবাসী বাঙালিদের মধ্যে ঐতিহ্য ও মূল চেতনা টিকিয়ে রাখার লক্ষ্যে সংগঠনটি নিয়মিত এই উৎসবের আয়োজন করে আসছে।
সাহিত্য থেকে আরো পড়ুন