https://www.prothomalony.com/

18281

new-york

নিউইয়র্ক

ম্যানহাটনের আইসের আটককেন্দ্রে বন্দীদের অধিকার নিশ্চিতের নির্দেশ আদালতের

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫০

নিউইয়র্কের ম্যানহাটনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) আটককেন্দ্রে অভিবাসীদের আটক রাখার পরিবেশ নিয়ে স্থায়ী নির্দেশনা জারি করেছেন একটি ফেডারেল আদালত।

ম্যানহাটনের ২৬ ফেডারেল প্লাজায় অবস্থিত আইস আটককেন্দ্রে অতিরিক্ত ভিড়, স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতার ঘাটতি এবং আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে অভিযোগের পর আদালত এ নির্দেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, আটক অভিবাসীদের পর্যাপ্ত চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও খাবার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের আইনজীবীদের সঙ্গে বিনা বাধায় ও নজরদারিমুক্ত ফোনে কথা বলার সুযোগ দিতে হবে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, আটককেন্দ্রের অতিরিক্ত ভিড়ের কারণে কিছু বন্দীকে দাঁড়িয়ে ঘুমাতে হয়েছে। আদালত এই পরিস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

নিউইয়র্কে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিষয়ক কঠোর অভিযান নিয়ে বিতর্কের মধ্যেই আদালতের এই আদেশ এল। সাম্প্রতিক মাসগুলোতে আইসের গ্রেপ্তার ও আটক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এদিকে নিউইয়র্ক সিটি ট্রাম্প প্রশাসনের নতুন ‘পাবলিক চার্জ’ নিয়মের বিরুদ্ধেও মামলা করেছে। নতুন নিয়মে অভিবাসীদের গ্রিন কার্ড বা নির্দিষ্ট ভিসা দেওয়ার ক্ষেত্রে কিছু সরকারি সুবিধা ব্যবহারের বিষয় বিবেচনায় নেওয়ার সুযোগ বাড়ানো হয়েছে।

নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের পাশাপাশি নিউইয়র্ক অঙ্গরাজ্যও নতুন নিয়মটি চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন