https://www.prothomalony.com/

12418

opinion

অভিমত

কৃষ্ণাঙ্গ পুরুষ শিক্ষকদের সংখ্যা বাড়াতে এক শিক্ষকের ভিন্নধর্মী উদ্যোগ

প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০১:৪৩

যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে কৃষ্ণাঙ্গ পুরুষ শিক্ষকের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সরকারি স্কুলে কর্মরত 'কে টু টুয়েলভ' পর্যায়ের শিক্ষকদের মধ্যে মাত্র ১.৩ শতাংশ ছিলেন কৃষ্ণাঙ্গ পুরুষ। এই বাস্তবতা বদলাতে এগিয়ে এসেছেন শিক্ষাবিদ ড. কার্টিস এল. লুইস, যিনি ২০১৭ সালে 'ব্ল‍্যাক মেইল এডুকেটরস আ‍্যালিয়েনস্' (বি.এম.ই.এ) নামে একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ‍্য কৃষ্ণাঙ্গ পুরুষ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সমতাভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরি করা। 


বি.এম.ই.এ কৃষ্ণাঙ্গ ও বাদামী পুরুষ শিক্ষার্থীদের শিক্ষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 'ইয়থ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম' চালু করেছে, যেখানে ছাত্রদের গণিত ও সাহিত্য শিক্ষায় পারদর্শী করে তোলার পাশাপাশি তাদের নেতৃত্বগুণও বিকাশ করা হয়। প্রোগ্রামটির মূল কাঠামো একটি আন্তঃপ্রজন্মের পরামর্শ মডেলের উপর ভিত্তি করে তৈরি, যেখানে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছোটদের মেন্টর হিসেবে কাজ করে। বর্তমানে এই কর্মসূচির অধীনে ৭৭ জন উচ্চ বিদ্যালয়ের মেন্টর এবং প্রায় ২৫০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। এই মডেল শিক্ষকদের হাই স্কুল ছাত্রদের অনুপ্রাণিত করতে সহায়তা করছে এবং সেই ছাত্ররা আবার ছোটদের গাইড করছে। 

বি.এম.ই.এ জানিয়েছে, তাদের 'টিচার এন্ড প্রিন্সিপাল ফেলোশিপস' প্রোগ্রামে শিক্ষক ও অধ্যক্ষদের শতভাগ ধরে রাখার হার রয়েছে, যা শিক্ষার মানোন্নয়নে এক গুরুত্বপূর্ণ সাফল্য।

ডেট্রয়েটে এই কর্মসূচির ইতিবাচক প্রভাব পড়ছে। হাই স্কুলের ছাত্র ডেরিক ম্যাককেলেব বলেন, 'এই প্রোগ্রাম আমাকে নিজের কণ্ঠ খুঁজে পেতে সাহায্য করেছে। আমি এখন শুধু নিজের জন্য নয়, অন্যদের পক্ষেও কথা বলতে পারি। এখন, বিশেষ করে যখন আমি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাই, তখন বুঝতে পারি কখন কি ভুল হচ্ছে এবং সে বিষয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করতে শিখেছি।' 

প্রোগ্রামটির দীর্ঘমেয়াদী লক্ষ্য হল উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে কৃষ্ণাঙ্গ পুরুষ শিক্ষকদের সংখ্যা বৃদ্ধি করা। বি.এম.ই.এ'র ওয়েবসাইট অনুসারে, তাদের গণিত ফেলোশিপ প্রোগ্রামের ৯১ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন মূল্যায়ন পরীক্ষায় উন্নতি দেখিয়েছে। এছাড়া গ্রেড ২ থেকে ১১ পর্যন্ত ১৫০ জন কৃষাঙ্গ ছাত্রের জন্য একটি গ্রীষ্মকালীন কর্মসূচিও চালু রয়েছে, যা গণিত শিক্ষা, সামাজিক ও আবেগীয় শিক্ষা, এবং সাংস্কৃতিক ও পরিচয় বিকাশের উপর গুরুত্ব দেয়।

ডেট্রয়েটের হাই স্কুল শিক্ষক ওয়াল্টার ম্যাথিস বলেন, 'এটি একটি মজার কাজ,শিক্ষাদান কেবল বেতনের জন্য নয়। সবচেয়ে বড় আনন্দ হচ্ছে শিশুদের অনুপ্রাণিত হতে দেখা। আমি নিজে এই সম্প্রদায়ের অংশ হিসেবে বড় হয়েছি, এখন যখন আমি তাদের শিক্ষা দিচ্ছি, তারা ভাবতে পারে— 'যদি সে পারে, তাহলে আমিও পারবো।' এটাই আমার জন্য সবচেয়ে আনন্দের বিষয়।'

বি.এম.ই.এ'র একজন শিক্ষাবিদ জোসেফ বলেন, 'আমাদের বিশ্বাস, 'ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট' প্রোগ্রামের অনেক উপকারিতা রয়েছে, তবে এর অন্যতম লক্ষ্য হলো শিক্ষায় আগ্রহী কৃষ্ণাঙ্গ পুরুষদের জন্য একটি নতুন পথ তৈরি করা। এই প্রোগ্রামটি প্রজন্মান্তরী মেন্টরশিপ মডেলের উপর ভিত্তি করে তৈরি, যেখানে সুপারভাইজাররা মেন্টর হিসেবে কাজ করেন এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কৃষ্ণাঙ্গ হাই স্কুল শিক্ষার্থীদের তত্ত্বাবধান করেন।' 

এই কর্মসূচির মাধ্যমে ড. লুইস এবং তাঁর দল কৃষ্ণাঙ্গ পুরুষ শিক্ষকদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব তৈরি করার একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলছেন।
 

অভিমত থেকে আরো পড়ুন