https://www.prothomalony.com/
7619
new-york
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস মরিয়া হয়ে ওয়াশিংটনে ছুটে গিয়েছিলেন সাহায্যের আশায়। নথিপত্রহীন অভিবাসী সমস্যা সামাল দেয়ার জন্য তহবিল সংকট সমাধানে বেপরোয়া মেয়র অ্যাডামসকে ব্যর্থ মনোরথে ফিরে আসতে হয়েছে। হতাশ মেয়র নগরবাসীকে জানিয়ে দিয়েছেন, সাহায্য আসছে না।
৮ ডিসেম্বর শুক্রবার মেয়র এরিক অ্যাডামস ওয়াশিংটন থেকে ফিরে এমন হতাশার কথাই জানিয়েছেন। হলিডে উৎসবে যোগ দিতে আগেরদিন ওয়াশিংটন সফর করেন তিনি। তাঁকে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করার জন্য আমন্ত্রণও জানানো হয়। বৈঠক থেকে ফিরে অ্যাডামস বলেছেন, আমি ওয়াশিংটন থেকে শীতল বার্তা নিয়ে ফিরেছি। দ্রুত কোন সাহায্য আসছে না। তিনি বলেছেন এখন নিউইয়র্ক প্রশাসনকেই ঠিক করতে হবে কীভাবে চলমান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
নিউইয়র্কে অভিবাসী সংকট শুরু হওয়ার পর থেকে দশম বারের মতো ওয়াশিংটনে ধর্না দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে নথিপত্রহীন অভিবাসীর উত্তাল ঢেউয়ে নিউইয়র্কে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। দেড় লক্ষাধিক এমন অভিবাসীদের স্থান সংকুলান করতে পারছে না নিউইয়র্ক। হোটেল মোটেলে আশ্রয় দেয়া হয়েছে। নতুন নতুন আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব অভিবাসীদের আবাসন, খাবার, স্বাস্থ্যসেবা এবং অপ্রাপ্ত বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করতে গিয়ে নিউইয়র্ক সিটির বাজেটে ঘাটতি পড়েছে। এরমধ্যেই চলতি বাজেটের বিভিন্ন খাত থেকে ব্যাপক বাজেট কর্তন করতে হয়েছে। ফলে নাগরিকদের জন্য নিয়মিত নগর সেবা ব্যাহত হচ্ছে।
নাগরিক সেবা ব্যাহত হওয়া এবং সিটির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় মেয়র এরিক অ্যাডামসের জনপ্রিয়তা এখন নিম্নমুখী। প্রতিদিন সিটিতে ছিনতাই হচ্ছে। নথিপত্রহীন অভিবাসীরা সিটির সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। নোংরা আবর্জনা এবং অব্যবস্থাপনায় নথিপত্রহীন অভিবাসীদের প্রতি সব সহানুভূতিশীল পক্ষগুলোও এখন মেয়রের পক্ষে নেই। ওয়াশিংটন থেকে ফিরে মেয়র এরিক অ্যাডামস বলেছেন, অভিবাসীদের এ চাপ মোকাবেলায় ফেডারেল থেকে এখন আর তেমন প্রত্যাশা তিনি করছেন না। নগরবাসীকেই এ সমস্যা মোকাবেলা করতে হবে বলে তিনি আবারও বলেছেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন