https://www.prothomalony.com/
5892
north-america
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ ১০:৩৬
সামাজিক মাধ্যমের প্রভাবশালী এক তরুণের ঘোষণার জের ধরে নিউইয়র্কের ম্যানহাটনে লংকা কাণ্ড ঘটে গেছে। হাজার হাজার বেপরোয়া তরুণের উশৃঙ্খলতা থামাতে নিউইয়র্ক পুলিশের চতুর্থ ধাপের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। গ্রেফতার হয়েছে কয়েক ডজন। ব্যাপক ভাংচুরের ঘটনাও ঘটেছে। ঘটনার নায়ক, সোশাল মিডিয়ার প্রভাবশালী তরুণ কাই সিন্যাটকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রায়ট সৃষ্টির অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কাই সিন্যাট ঘোষণা দিয়েছিলেন, ৪ আগস্ট শুক্রবার বিকেলে ইউনিয়ন স্কয়ার পার্কে তিনি উপস্থিত থাকবেন। সেখানে প্লে স্টেশন গেম কনসোল সহ বেশ কিছু বিনোদন সামগ্রী ফ্রি বিতরণ করবেন। সোশাল মিডিয়ায় তাঁর এ প্রচারণার জের ধরে শুক্রবার দুপুর থেকে হাজার হাজার তরুণ ইউনিয়ন স্কয়ার এলাকায় ভিড় করতে দেখা যায়। দূরান্ত থেকে বাসে ট্রেনে লোকজনের এমন ছুটে আসা এবং বিশৃঙ্খল জমায়েত নিয়ে সিটি কতৃপক্ষ বা পুলিশের কোন ধারনাই ছিল না। আচমকা এমন ব্যাপক সমাগম ঘটে এবং সবই অল্প বয়সী তরুণ।
এক পর্যায়ে উপচে পড়া ভিড় থেকে সহিংসতা শুরু হয়। কাই সিন্যাট সমাবেশে উপস্থিত হলেও তাঁর গাড়িতে হামলা হয়। কেউ কোন কিছু ফ্রি পায়নি বলে কোলাহল সহিংস হয়ে উঠে। উশৃঙ্খল তরুণরা পুলিশের গাড়িতে হামলা করতে থাকে। আশেপাশের ব্যবসা বাণিজ্যে হামলা চালায়। পানির বোতল থেকে শুরু করে ইট পাথর ছুঁড়তে দেখা যায়। পুরো এলাকা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।
নিউইয়র্ক পুলিশের বিপুল সংখ্যক গাড়ি সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলেও বেসামাল পরিস্থিতি বেশ কিছু সময় ধরে চলমান থাকে। ঠিক কতো লোক আহত হয়েছে তার বিবরণ পাওয়া যায়নি। বেশ কিছু পুলিশও আহত হওয়ার কথা জানানো হয়েছে। সড়কপথ, ট্রেন লাইন বন্ধ হয়ে পড়ে। সমস্ত ম্যানহাটনে কর্মদিবসের বিকেলে বিরাট যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার রাতে নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে ৬৫ জনকে গ্রেফতারের কথা জানানো হয়েছে। এরমধ্যে ৩০ জনই কিশোর অপরাধী বলে জানানো হয়েছে। পুলিশ কাই সিন্যাটিকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে রায়ট সৃষ্টি সহ বিনা অনুমতিতে সমাবেশ করার অভিযোগ আনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ প্রভাবশালী তরুণের ইউ টিউব অনুসারী রয়েছে ৪০ লাখের বেশি, ইনস্টাগ্রামে রয়েছে ৫০ লাখ এবং টুইচে প্রায় ৬৫ লাখ অনুসারী বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন