https://www.prothomalony.com/

5791

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে এসাইলামঃ আদালতের রায় বাইডেন প্রশাসনের বিপক্ষে

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ ০৯:০৪

ইমিগ্রেশন নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বিপাকেই আছেন। ক্যালিফোর্নিয়ার এক  ফেডারেল বিচারক ২৫ জুলাই মঙ্গলবার দেয়া এক রায়ে বাইডেন প্রশাসনের সীমান্ত কড়াকড়ি আইনকে বাতিল ঘোষণা করেছেন। গত মে মাস থেকে চালু হওয়া বিধি অনুযায়ী এসাইলাম প্রার্থীকে তৃতীয় কোন দেশ হয়ে আমেরিকা প্রবেশ করার আগেই আবেদন করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছিল।

অপ্রাপ্তবয়স্ক শিশু সহ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া সীমান্ত থেকে এমন এসাইলাম প্রার্থীদের ফিরিয়ে দেয়ার বিধি আরোপ করা হয়েছিল। ট্রাম্পের সময়ে চালু থাকা এ বিধিতে ফিরে যাওয়ার পর গত দুই মাস সীমান্ত দিয়ে আশ্রয়প্রার্থীর প্রবেশ অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে এসেছিল। উল্লেখ্য, প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর সীমান্ত দিয়ে এসাইলাম প্রার্থীর নিয়ন্ত্রণহীন প্রবেশ শুরু হয়। সীমান্তের রাজ্যগুলো ছাড়াও নিউইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন ডিসিসহ অন্যত্র পাঠাতে হয়েছে এসাইলাম প্রার্থীদের। আশ্রয়প্রার্থীদের সামাল দেয়া কঠিন হয়ে উঠে প্রশাসনের জন্য।  

রিপাবলিকান দল অভিযোগ করতে থাকে, প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যর্থতার কারণেই সীমান্ত বেসামাল হয়ে উঠেছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে মাঠ গরম করে রেখেছেন। রাজনৈতিক ফায়দা নেয়ার জন্যই তিনি প্রতিদিন সীমান্ত দিয়ে অবাধে লোকজনের প্রবেশের সমালোচনা করে আসছেন।  

এ নিয়ে অভিবাসী অধিকার গ্রুপের মামলার পরিপ্রেক্ষিতে নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ফেডারেল বিচারক জন টাইগার মে মাসে আরোপিত বিধিটি বেআইনি ঘোষনা করেছেন। আদেশে তিনি প্রশাসনকে ১৪ দিনের মধ্যে এ নিয়ে আপিল করার সুযোগ দিয়েছেন। বাইডেন প্রশাসন দ্রুতই উচ্চ আদালতে আপিল করে বিচারকের এ আদেশের উপর স্থগিতাদেশ চেয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেয়া উদারনৈতিক বিচারক জন টাইগার তাঁর আদেশে লিখেছেন, আরোপিত বিধি কোন অবস্থায়ই কার্যকর থাকতে পারে না।

বাইডেন প্রশসনের বিরুদ্ধে গেলেও অভিবাসী গ্রুপগুলো এ রায়কে স্বাগত জানিয়েছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইনজীবী ক্যাটরিনা আইল্যান্ড মামলাটির শুনানিতে ছিলেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, আমেরিকার প্রতিশ্রুতিই হচ্ছে স্বাধীনতা ও প্রত্যাশাকে জাগ্রত করা। প্রশাসন এ প্রতিশ্রুতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারে। তা না করে নিষ্টুর সব পদক্ষেপ গ্রহণ করে আমেরিকার প্রতিশ্রুতির সাথে প্রশাসন যেন বিশ্বাসঘাতকতা করছে।

সিভিল লিবার্টিজ ইউনিয়ন সহ অন্যান্য অভিবাসী গ্রুপ বলছে, আমেরিকার মতো অন্য কোন দেশে এমন উদার আশ্রয় ব্যবস্থা নেই। যুক্তরাষ্ট্রের আইনে বলা হয়েছে সীমান্তে পা রেখে কেউ আশ্রয় প্রার্থনা করলে, তার আবেদন গ্রহণ করতে হবে। ঢালাওভাবে সীমান্ত থেকে তৃতীয় দেশে ফিরিয়ে দেয়া আইন বিরুদ্ধ বলে তারা উল্লেখ করছে।
বিচারক জন টাইগার তাঁর রায়ে উল্লেখ করেছেন, সীমান্ত থেকে ম্যাক্সিকোতে ঠেলে দেয়া আশ্রয়প্রার্থীরা কোন অবস্থায়ই নিরাপদ নয়। যারা নিজেদের দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আসছে তারা ম্যাক্সিকোতে অপেক্ষমাণ সময়ে সরকারি ও বেসরকারি পক্ষের সহিংসতার ঝুঁকিতে থাকে। এ অবস্থা আশ্রয়প্রার্থী বিপন্ন লোকজনের জন্য অমানবিক বলে বিচারক উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের কাস্টম এন্ড বর্ডার সার্ভিসের এপস- সিবিপি'র মাধ্যমে অনলাইনে সীমান্তের বাইরে থেকেও আশ্রয়ের আবেদন করা যাচ্ছে বলে বাইডেন প্রশসনের পক্ষ থেকে যুক্তি দেয়া হয়েছে। প্রতিদিন মাত্র ১৪৫০ জনকে এমন আবেদনের সুযোগ দেয়া হচ্ছে। এ সংখ্যাটি অপ্রতুল এবং যারা আবেদন করতে পারছে না, তারা সীমান্তের বাইরে তৃতীয় দেশে ঝুঁকিতে রয়েছে বলে বিচারক উল্লেখ করেছেন।

প্রশাসন থেকে বলা হয়েছে, কিউবা, ভেনেজুয়েলা, হেইতি এবং নিকারাগুয়া থেকে আসা আশয়প্রার্থীর জন্য স্পন্সর থাকা সাপেক্ষে মাসে ৩০ হাজার জনকে প্রবেশের সুযোগ দেয়া হচ্ছে। বিচারক বলেছেন, অন্যান্য দেশ থেকে আসা আশ্রয়প্রার্থীর জন্য ব্যবস্থাটি উন্মুক্ত নয়।

বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র অভিমুখে আশ্রয়প্রার্থী মানুষের ঢল অব্যাহত রয়েছে। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন এলাকা থেকে লোকজনের ব্যাপক আগমন ঘটছে। দক্ষিণ আমেরিকা সহ পূর্ব ইউরোপের দেশ থেকেও প্রতিদিন সীমান্তে আশ্রয়প্রার্থীদের ভিড় মার্কিন অভিবাসন ব্যবস্থাকে নাজুক করে তুলেছে। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করে একটি মানবিক অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেও এ নিয়ে তিনি কিছুই করতে পারেননি। বাইরের লোকজনের ব্যাপক প্রবেশের ফলে রাজনৈতিকভাবে হামলার শিকার হচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। উদারনৈতিক পক্ষ বলছে, প্রেসিডেন্ট বাইডেন কিছুই করছেন না। রক্ষণশীল মহল বলছে, সীমান্ত সামাল দিতে ব্যর্থ হচ্ছেন প্রেসিডেন্ট। আগামী নির্বাচনে এ ইস্যুটি প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য কাল হয়ে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন