https://www.prothomalony.com/
5783
bangladesh
উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ১৩ বিদেশী মিশন। এর জের ধরে যুক্তরাষ্ট্রসহ ১১টি দেশ এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৬ জুলাই বুধবার ঢাকায় কর্মরত ১৩টি মিশনের প্রধানকে সরকারের অসন্তোষের কথা জানানোর কথা রয়েছে।
১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ভোটকেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধর করেন নৌকা প্রতীকের ব্যাজধারী কিছু তরুণ। পরদিন এ ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। পরে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। এ নিয়ে চরম সন্তুষ প্রকাশ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
২০ জুলাই ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ জানায় সরকার। ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ যেন প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকে—সরকারের এমন প্রত্যাশার কথাও তাঁকে জানিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ আগেও নানা ইস্যুতে বিভিন্ন দেশের কূটনীতিকদের তলব করেছে। তবে সাম্প্রতিক ইতিহাসে জাতিসংঘের কোনো প্রতিনিধিকে তলব করে অসন্তোষ প্রকাশের নজির নেই।
বাংলাদেশ থেকে আরো পড়ুন