https://www.prothomalony.com/

5779

north-america

উত্তর আমেরিকা

বই ও বইমেলা নিয়ে অনুভূতি জানালেন তিন লেখক ও কবি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ ১০:১২

২০ জুলাই বৃহস্পতিবার প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক সম্প্রচার 'টক অব দ্যা উইক' অনুষ্ঠানে বই এবং বইমেলা নিয়ে কথা বলেছেন তিন বিশেষ অতিথি। লিজি রহমান, মাসুম আহমদ এবং জেবুন্নেছা জোৎস্না। আগের সপ্তাহে চারদিন ব্যাপী মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউইয়র্কের ৩২তম বইমেলা শেষ হলো। এই বইমেলায় মৌ মৌ করছিল নতুন ছাপা কাগজের গন্ধ। এ আয়োজনে যুক্ত হয়েছিলেন লেখক, পাঠক ও প্রকাশকরা।

বইমেলায় নিজের প্রকাশিত বইয়ের বিষয়বস্তু, প্রথম বই প্রকাশের অনুভূতি এবং সর্বোপরি মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন অতিথিগণ। প্রথমেই কথা বলেন মাসুম আহমদ, তিনি লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে। মাসুম আহমেদ সিলেটে জন্মেছেন। সিলেট এমসি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন। পঞ্চায়েত-নামক একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করছেন তিনি। বর্তমানে বাস করছেন নিউইয়র্কে, আইটিতে চাকরিরত।

লিজি রহমান, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে লেখালেখিতে যুক্ত। ইংরেজি পত্রিকায়ও লিখেন তিনি। লিজি রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স এবং নিউইয়র্কের কুইন্স কলেজ থেকে এডুকেশনে মাস্টার্স করে দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করেছেন। বর্তমানে ফুলটাইম লেখক।

জেবুন্নেছা জোৎস্না যশোরে জন্মগ্রহণ করেছেন। বর্তমানে বাস করছেন নিউইয়র্কে। পেশায় তিনি একজন ডায়াগনষ্টিক মেডিকেল সনোগ্রাফার। বাংলাদেশ থেকে মাইক্রোবায়োলজীতে মাষ্টার্স করেছেন তিনি। এরপর নিউইর্য়কের সিটি ইউনিভার্সিটি থেকে 'ম্যাথমেটিক্স এন্ড সাইন্সে' এ্যাসোসিয়েট করেন এবং লং আইল্যান্ড ইউনিভার্সিটি থেকে 'ডায়াগনষ্টিক মেডিক্যাল সনোগ্রামে' ব্যাচেলর করেছেন।

এবারের বইমেলায় প্রথম প্রকাশিত বইয়ের লিখিত বিষয় এবং প্রচ্ছদ সম্পর্কে কবি মাসুম আহমেদ বলেন, "একজন সার্টিফাইড কবি হওয়ার প্রস্তুতি-নামক বইটি এবছর বইমেলায় এসেছে যার প্রচ্ছদ করেছে আমার বারো বছরের মেয়ে আমায়া আহমেদ। বুনন প্রকাশনীর এই বইটিতে মোট পঁচাত্তরটি কবিতা আছে। মানুষের কথা, প্রকৃতির কথা, প্রেম-মুক্তি-বিপ্লবের কথাই বলে আমার কবিতা।'

তিনি বলেন, আমি মনে করি এই কবিতাগুলো আধুনিক ও উত্তর আধুনিক কবিতার ফিউশন করে লিখেছি। অনেকেই আমাকে কবি হিসাবে পরিচিতি দিতে চাইতেন না, তাই বইয়ের নাম এবং প্রচ্ছদ কিছুটা ব্যঙ্গাত্মক ধাঁচের হয়েছে। প্রথম বই প্রকাশিত হবার অনুভূতি সম্পর্কে মাসুম আহমেদ বলেন, এ এক অন্যরকম অব্যাক্ত অনুভূতি। পাঠকরা আমার কবিতা কিভাবে গ্রহণ করবে, ভালো লাগবে কিনা-এ নিয়ে অনেক শঙ্কা ছিল। কিন্তু পরিশেষে দেখলাম পাঠক আমার বই ভালোবেসে কিনেছে। মেলায় তাঁর সর্বাধিক বই বিক্রি হয়েছে বলে তিনি জানান।  

এবারের ৩২তম বইমেলার আয়োজন সম্পর্কে মাসুম আহমদ বলেন, ছোট-খাটো কিছু সমস্যা থাকা সত্ত্বেও সব কিছু মিলিয়ে এবারের বইমেলা ছিল সফল। মেলার আয়োজকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন মানুষের কাছে বই পৌঁছে দেয়ার।

এবারের বইমেলায় লিজি রহমানের 'আমেরিকায় বাঙ্গালির চাষবাস' বইটি প্রকাশ হযেছে। এ নিয়ে লিজি রহমান বলেন, এবারের বইমেলায় আমার লেখা-'আমেরিকায় বাঙ্গালির চাষবাস' প্রকাশিত হয়। আমি বাগান করতে ভালোবাসি, বিশেষ করে করোনার সময় মন দিয়ে বাগান করেছিলাম। দেশে এবং প্রবাসে বাগান করাটা ভিন্ন ব্যাপার আমার কাছে। ভালোবাসার বাগানবিলাস-নামক ফেসবুকে একটি পেইজ খুলি যেখানে আমার এক্সপেরিমেন্টাল চাষবাস খুঁটিনাটি তুলে ধরতাম। আর এভাবেই অনেকগুলো পর্বে তথ্যমূলক বইটি তুলে ধরি। এখানে বসবাসরত বাঙালির অনেকে উৎসাহ দিয়েছেন বলে তিনি বলেন।  

বাংলা লেখার পাশাপাশি ইংরেজিতেও লিখেন লিজি রহমান। বাংলাদেশের ডেইলি অভজার্ভার দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে লিজি রহমানের লেখা আর্টিকেল ছেপে আসছে। তাছাড়া লিজি রহামানের ছেলে আমেরিকায় সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর নিউইয়র্কের ডেইলি নিউজ পেপারের অনুরোধে সেখানেও লেখেন তিনি। নিজের অ-বাঙালি বন্ধুদের জন্যে তিনি ইংরেজিতে লেখেন। তাঁর লেখায় থাকে সমাজ সচেতনতা ও পরিবর্তনের ডাক।

লিজি রহমান এবারের বইমেলা সম্পর্কে নিজ অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও আমি অনেক আনন্দ করেছি। বৃষ্টিতে তেমন কোন অসুবিধা হয়নি। লিজি রহমান মনে করেন, আগামিতে বইমেলা সম্ভব হলে মেমোরিয়াল কিংবা লেবার ডে উইকেন্ডের সময় ব্যবস্থা করলে সেটা সবার জন্য ভালো হবে।

জেবুন্নেছা জোৎস্নার প্রথম বই প্রকাশ হয়েছে এ বছর, 'জলের আয়নায় আকাশ দূর চিরদিন।' নিজের প্রকাশিত প্রথম বই সম্পর্কে কবি জেবুন্নেছা জোৎস্না বলেন, ছোটবেলা থেকে ডায়েরি লিখতাম। আমেরিকান জীবনে লেখাপড়া ও সংসার নিয়ে কঠিন সংগ্রামের সময় আমার লেখালিখি আবারো শুরু হয়। কবিতার সাথেই আমার যত প্রেম। ২০১৬ থেকে আমি নিয়মিত ঠিকানা পত্রিকায় কবিতা প্রকাশ করি। এখন বাঙালি ও প্রথম আলো পত্রিকাতেও লিখছি অনেকদিন ধরে। তবে বই প্রকাশ করার জন্য প্রয়োজনীয় সময় দিতে পারিনি। তাছাড়া সবসময় চেয়েছি পাঠকের কাছে গ্রহণযোগ্য কিছু লিখতে, আর সেইজন্যেই বই প্রকাশে দেরি হয়েছে।আমার লেখা ‘জলের আয়নার আকাশ দূর চিরদিন’ নামটা ব্যবহার করেছি কাব্যিক অর্থে।

বইমেলায় প্রথম বই প্রকাশের অনুভূতি সম্পর্কে জেবুন্নেছা জোৎস্না বলেন, প্রথমদিনে আমার অনুভুতিটা ছিল কিছুটা ভয়ের। ভালো কবি হয়ে উঠতে পারিনি ভেবে এখনও আমার ভিতরে একটা অতৃপ্তি রয়ে গেছে। অপেক্ষায় আছি অবসরে যাবার পর পুরোপুরি কবি হয়ে উঠবো আশাকরি।

জেবুন্নেসা প্রবন্ধও লিখেন। করোনাকালীন সময়ে অজানা ভাইরাস নিয়ে বিজ্ঞানভিত্তিক গবেষণামূলক লেখাও লিখেছেন তিনি। তবে তিনি ভবিষ্যতে গল্প লিখবেন বলে আশা রাখেন। দেশের বইমেলার সাথে এবারের নিউইয়র্কের বইমেলার তুলনা করে জেবুন্নেছা বলেন, দু'টো বইমেলাতেই আমি যাওয়ার সুযোগ পেয়েছি। দেশের তুলনায় এখানের বইমেলা ছোট হলেও আমার কাছে স্বর্গের মতো মনে হয়েছে। গরম থাকলেও এখানে ধুলাবালি নেই, আশাতীত ভাবে এখানের বইমেলা অনেক আনন্দ দিয়েছে। আমি যার সাথে ওঠা-বসা করি তারাই আমার পাঠক, আমার অনেক রোগীও আমার পাঠক, ব্যাপারটা খুব ভালো লাগে।

এভাবেই তিনজন লেখক ও কবির বই এবং বইমেলা সংক্রান্ত অভিজ্ঞতা জানানোর মাধ্যমে সেদিনের ‘টক অফ দ্য উইক’ অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সোহানা নাজনীন এবং কারিগরি সহযোগিতায় ছিলেন এইচ বি রিতা। প্রথম আলো উত্তর আমেরিকার এই জনপ্রিয় সম্প্রচার প্রতি বৃহস্পতিবার আমেরিকা সময় রাত ৯ টায় ফেসবুক পেইজ Prothom Alo USA-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন