https://www.prothomalony.com/
5756
new-york
বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক-বেন, তাদের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে তিন বিশিষ্ট বাংলাদেশি আমেরিকানকে সম্মাননা জানিয়েছে। ২২ জুলাই শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিত পরিবেশ মেলা এবং ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে নিজ নিজ অবদানের জন্য তাদের সম্মাননা জানানো হয়। নিজেদের পেশার সীমানা ছাড়িয়ে এসব সম্মাননা পাওয়া লোকজন মানবতার কাজে দৃষ্ঠান্তমুলক অবদান রেখেছেন।
বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক সম্মাননা পেয়েছেন প্রফেসর ডাঃ মোহাম্মদ সাদুজ্জামান চৌধুরী, প্রফেসর এমবি জামান এমডি এবং সৈয়দ টিপু সুলতান। যুক্তরাষ্ট্রে বসবাস করা এসব পেশাজীবী নীরবে কমিউনিটির জন্য, সীমানা ছাড়িয়ে দেশের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। নিজেদের সব ধরনের কোলাহল থেকে আড়াল করে মানবতার সেবায় নিয়োজিত এসব পেশাজীবীদের নিয়ে আমেরিকায় স্বদেশীরা গর্ব করে থাকেন। বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক তাদের ২৫ বছর পূর্তির জমজমাট অনুষ্ঠানে এসব পেশাজীবীদের সম্মাননা জানানোর বিষয়টি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
সম্মাননা পাওয়া মোহাম্মদ সাদুজ্জামান চৌধুরী নিউইয়র্ক মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান এবং প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন গত ৪০ বছর থেকে। যুক্তরাষ্ট্রের চিকিৎসা ক্ষেত্রে অবদান রেখেই তিনি খ্যাতিমান হননি। এ দেশের অনেক হাই প্রোফাইল লোকজনের চিকিৎসা করা ছাড়াও অসংখ্য চিকিৎসককে তিনি প্রশিক্ষণ দিয়েছেন। তাঁর এ প্রশিক্ষণের বিস্তৃতি আমেরিকা থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। আমেরিকার শতশত পেশাজীবী চিকিৎসককে প্রশিক্ষণ প্রদান করে তিনি সম্মানজনক পদক লাভ করেছেন। চরম ব্যস্ততার মধ্যেও ডাঃ সাদুজ্জামান চৌধুরী বছরে দুইবার বাংলাদেশ সফর করেন। বাংলাদেশের চিকিৎসকদের মধ্যে ইউরোলজি বিষয়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি বহু বছর থেকে। বাংলাদেশ থেকে চিকিৎসকদের আমেরিকায় নিয়ে এসে এখনকার ইউরোলোজি চিকিৎসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিচ্ছেন তিনি। এরসবই তিনি করছেন নিজের উদ্যোগে এবং নীরবে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চিকিৎসক সমাজের কাছে মোহাম্মদ সাদুজ্জামান একজন শ্রদ্ধেয় ও সমীহের নাম।
বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের সম্মাননা পেয়েছেন প্রফেসর এমবি জামান এমডি। নিউইয়র্ক মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সাবেক প্রোগ্রাম ডিরেক্টর। আমেরিকায় ও বাংলাদেশে এ চিকিৎসককে সম্মানের সাথে দেখা হয় তাঁর কাজের জন্য। গত চার দশকের বেশি সময় থেকে এমবি জামান আমেরিকার শতশত চিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছেন। প্যাথলজি চিকিৎসার বৈপ্লবিক পরিবর্তন এবং ক্যান্সার রোগের সনাক্ত করণ নিয়ে বাংলাদেশের চিকিৎসকদেরও তিনি প্রশিক্ষণ দিয়ে আসছেন। সম্পূর্ন স্বউদ্যোগে এমন কাজে তিনি নিয়জিত আছেন। গত প্রায় ২০ বছর থেকে প্রফেসর এমবি জামান প্রতিবছর বাংলাদেশে সফর করছেন। সে সময়টিতে বাংলাদেশি চিকিৎসকদের হাতেকলমে প্রশিক্ষণ দিয়ে আসছেন। এছাড়াও বাংলাদেশ থেকে শতশত প্যাথলজিস্টকে আমেরিকায় নিয়ে আসা এবং আমেরিকার চিকিৎসার আধুনিক ব্যবস্থা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভের সুযোগ সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করে আসছেন এমবি জামান এমডি।
বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের সম্মাননা প্রাপ্ত অন্যজন হচ্ছেন ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান। ফার্মাসিস্ট হয়েও একজন পরিবেশ যোদ্ধা হিসেবে পরিচিত সৈয়দ টিপু সুলতান। সীমান্তে বাঁধ নির্মান এবং পানি সংকট নিয়ে টিপু সুলতান সক্রিয় সংগঠক হিসেবে দীর্ঘদিন থেকে সোচ্চার রয়েছেন। নিউইয়র্কে বসবাস করা সৈয়দ টিপু সুলতান নিজের তহবিলে বাংলাদেশে গড়ে তুলেছেন একটি অনুকরণীয় প্রতিষ্ঠান। যেখানে ভেষজ বাগান সহ কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে। রয়েছে চিকিৎসা কাজে ব্যবহৃত বৃক্ষের গুরুত্বপূর্ণ সংগ্রহ। অলাভজনক এবং প্রতিরোধমুলক এবং উপশমকারী স্বাস্থ্যসেবাকেন্দ্র । নিজস্ব তহবিল দিয়ে বাংলাদেশে নিজের গ্রামে টিপু সুলতান গড়ে তুলেছেন অনন্য একটি প্রতিষ্টান। নিয়মিত দেশে যাতায়াত করেন প্রতিষ্ঠানটির সেবা ও কার্যক্রম নিশ্চিত করতে। দেশের বাইরে থেকেও নিজের গ্রামে, নিজের দেশে এমন প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে অন্যন্য দৃষ্ঠান্ত স্থাপন করেছে ফার্মেসিস্ট সোয়দ টিপু সুলতান।
বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক এসব ব্যতিক্রমী এবং প্রচার বিমুখ ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করে প্রশংসনীয় কাজ করেছে বলে মনে করেন প্রবাসীরা। তাদের স্বীকৃতির মাধ্যমে ভালো কাজের জন্য অন্যরাও অনুপ্রেরণা পাবেন। পেশা ও নিজের কাজকর্মের শীর্ষে অবস্থান করেও দেশ ও মানবতার কাজে নিবেদিত এসব লোকজনের সম্মাননা প্রদান করাকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদকীয় বিভাগ। প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদকীয় বিভাগ থেকে সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানানো হয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন