https://www.prothomalony.com/
5744
north-america
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ ০৮:২৫
মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিলভার স্প্রিং শহরের ফোর কর্নার শপিং সেন্টারে কর্মরত অবস্থায় এক ষাটোর্ধ বাঙালি নারী হামলার শিকার হয়েছেন। তিনি একটি আসবাবপত্রের দোকানে কর্মরত থাকা অবস্থায় ২২ জুলাই শনিবার সকালে ছুরিকাহত হয়েছেন।
হামলাকারী সন্দেহভাজনকারী ল্যাটিনো বলে মন্টগোমেরি কাউন্টি পুলিশ এসিস্টেন্ট চিফ ডেরেন ফ্রাঙ্ক নিশ্চিত করেছেন। হামলাকারী বাঙালি নারীর সাথে আরো দুইজন নারীকে ছুরিকাঘাত করে। এসময় তাকে বাধা দিতে গেলে ক্রেতা ও কর্মীদের উপর চড়াও হয়। মন্টগোমেরি পুলিশ ওই সন্দেহভাজন ব্যক্তিকে ক্ষান্ত করতে গেলে সে পুলিশকে আক্রমণ করতে যায়। পুলিশ একাধিক রাউন্ড গুলি করলে ঘটনাস্থনে হামলাকারী নিহত হয়।
গুরুতর আহত বাঙালি নারী মিনতি রোজারিও বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছেন। তার দেশের বাড়ি ঢাকার নবাবগঞ্জের হাসনাবাদ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিনতি রোজারিও দুপুরের আহারের পূর্বে কাজে মনোনিবেশ ছিলেন। এ সময় হামলাকারী তাকে ৬ ইঞ্চি ছুরি দিয়ে পেছন থেকে আক্রমণ করে। মিনতির পিঠে ছুরি দিয়ে বেশ করেকবার ক্রমাগত আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি মেঝেতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। হামলাকারী তখন ওই দোকানের আরো দুই নারীর উপর হামলা করে। মিনতি রোজারিওর কোমরে সেফটি বেল্ট থাকাতে প্রাণে রক্ষা পেয়েছেন। হাসপাতালে কর্মরত সেবিকা জানায়, তার প্রতিটি আঘাত গুরুতর। একটি আঘাত লিভারে ক্ষতের সৃষ্টি করেছে।
মেরিল্যান্ড এলাকায় ক্রমাগত এশিয়ানদের উপর হামলায় প্রবাসীদের মনে আতংক বিরাজ করছে। ঘটনার পর মন্টগোমেরি কাউন্টি এসিস্টেন্ট চিফ পুলিশ ডেরেন ফ্রাঙ্ক এক প্রেস ব্রিফিং করে ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি জানান ঘটনার তদন্ত চলছে। এমন হামলার মোটিভ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
আহত মিনতি রোজারিও এবং তার প্রয়াত স্বামী দীর্ঘদিন ধরে এই স্টোরে কাজ করে যাচ্ছিলেন। তিনি একই কাউন্টির সামারউড রোডে বসবাস করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন