https://www.prothomalony.com/

5680

new-york

নিউইয়র্ক

তসলিমা নাসরিন এবং নিউইয়র্ক বাংলা বইমেলা

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ ০৪:৪০

৩২ তম নিউইয়র্ক বাংলা বইমেলা কমিটির লোকজনের মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত তসলিমা নাসরিনকে নিউইয়র্ক বইমেলার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। ১৬ জুলাই বইমেলার একটি পর্বে তসলিমা নাসরিনের অংশ গ্রহন করার কথা বলা হলেও কমিটির প্রভাবশালী লোকজনের সিদ্ধান্তে তা বাতিল করা হয়। মূলত সরকার ' মাইন্ড' করতে পারে বলে তসলিমাকে এড়িয়ে গেলেন বইমেলা আয়জকরা।

গত ১৪ জুলাই থেকে নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত চারদিনব্যাপী ‘নিউইয়র্ক বইমেলা-২০২৩’ অনুষ্ঠিত হয়। বইমেলার পূর্ব নির্ধারিত অনুষ্ঠানসূচীতে তসলিমা নাসরিনের নাম ছিল না। তাকে আনুষ্ঠানিক ভাবে মেলায় আমন্ত্রণ জানানোও হয় নাই। নিউইয়র্কে অবস্থানরত তসলিমা নাসরিন কিছু অনুরাগীদের উদ্যোগ ও আগ্রহে  ১৫ জুলাই শনিবার বিকেলে বইমেলায় আসেন। তাঁর উপস্থিতিতে বইমেলা প্রাণচঞ্চল হয়ে উঠে। কোন প্রবাসীকেই তাঁকে এড়িয়ে যেতে দেখা যায়নি। বরঞ্চ যারা, তলিমা নাসরিনের সমালোচনা করেছেন বিভিন্ন সময়, তাদেরও দেখা গেছে তসলিমা নাসরিনের কাছাকাছি দাঁড়িয়ে ছবি তুলতে। অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্খি তসলিমা নাসরিনের বই কিনে অটোগ্রাফ নেন,তার সংগে ছবি ও সেলফি তোলেন। সময় যত বাড়তে থাকে, তসলিমা নাসরিনের চারপাশে তার ভক্তদের সংখ্যাও বাড়তে থাকে।

এ সময় বইমেলার সমন্বয়ক তোফাজ্জল লিটনের উদ্যোগে ও প্রচেষ্টায় কমিটির পক্ষ থেকে উপদেষ্টা হাসান ফেরদৌস, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা ও তোফাজ্জল লিটন রোববারে একটি পর্বে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানান তসলিমা নাসরিনকে। জানা যায়, তার জন্য ২০ মিনিট সময় বরাদ্দ করা হয়। তসলিমা নাসরিনও এতে সম্মতি দেন বলে জানা যায়। এর পরই কমিটির মধ্যে শুরু হয় মতভেদ। তসলিমা নাসরিকে অনুষ্ঠানে গ্রহন-বর্জনের সিদ্ধান্ত নেয়াকে কেন্দ্র করে কার্যতঃ কমিটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত সরকার মাইন্ড করবে বলে যারা মনে করেন, তাদের চাপের কারণেই তসলিমা নাসরিনকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তটা প্রত্যাহার করে নেয়া হয়।

তসলিমা নাসরিন রোববারে একটি অনুষ্ঠানে থাকছেন, এমন খবর প্রচার হওয়ায় অনেককেই তাঁর অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করতে দেখা গেছে। কিন্ত যখন তারা জানতে পারেন, মেলা কর্তৃপক্ষ তসলিমাকে অনুষ্ঠানে রাখছেন না, তখন তসলিমা ভক্তরা হতাশা প্রকাশ করতে দেখা যায়। তসলিমা নাসরিনের একান্ত অনুরাগী গোপাল স্যানাল বলেছেন, তসমিলা নাসরিনের বিশাল সাহিত্যের ভান্ডার ‘নিউইয়র্ক বাংলা বইমেলা’ বহন করতে পারলো না। কিন্ত অগনিত পাঠক তাকে ঠিক সাদরে গ্রহন করেছে।

উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে জ্যামাইকা পারফমিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় এবারের বইমেলা। মেলার প্রথম দিন শুক্রবার বিকেলে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডা. সেতারা রহমান (বীর প্রতীক) পাশে নিয়ে কথাসাহিত্যিক শাহাদুজ্জামান ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মেলা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন