https://www.prothomalony.com/
5574
bangladesh
৮ জুলাই শনিবার সকালে ডিআরইউ’তে ন্যাশনাল পিপলস পার্টির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদেরকে বিশ্বাস করে আগেও সংলাপ করে প্রতারিত হয়েছি। এখন প্রশ্নই আসে না। স্যাংশন, ভিসা নীতিসহ আরও নানা কারণে বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি এখন তলানিতে। সরকার দেশকে ফতুর করে দিয়েছে।
এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় ফখরুল বলেন, সরকার নতুন নতুন প্লট তৈরি করে জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় আসতে চায়। আবারও জনগণকে প্রতারিত করে ক্ষমতা দখল করতে চায় আওয়ামী লীগ। কিন্তু জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বাধীনতার পরই গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ দেশে ভয়াবহ লুটপাট করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ভয়াবহ লুটপাটের কারণে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই আওয়ামী লীগের নাম দিয়েছিলেন নিখিল বাংলা লুটপাট সমিতি।
মির্জা ফখরুল বলেন, সারাদেশের মানুষের প্রতি আহ্বান জানাব, গণতন্ত্র ও দেশকে বাঁচাতে এই ভয়াবহ দানব সরকারকে সরানোর জন্য কোনো দ্বন্দ্ব, দ্বিধা বা কালবিলম্ব না করে এখনই সবাইকে রাস্তায় নেমে পড়তে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন