https://www.prothomalony.com/
5571
bangladesh
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ ০৮:০৪
৮ জুলাই শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ের আইএবি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে বিভিন্ন কর্মসূচির কথা জানিয়েছেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী সেপ্টেম্বর মাসে দেশব্যাপী সব জেলা ও মহানগরে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এ ছাড়া ১৫ জুলাই শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ এবং ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত থানা ও জেলায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ রাজনীতির গুণগত পরিবর্তন করার জন্য জনগণের জান-মালের ক্ষতি না করে আন্দোলন করবো। সবার সঙ্গে আলোচনা করে একমত হয়েছি যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে এবং এই দাবি আদায়ে আমরা আমাদের অবস্থান থেকে আন্দোলন করব, ইনশা আল্লাহ।’
বর্তমান সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই জানিয়ে রেজাউল করীম আরও বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন করে আসছি। মুফতি ফয়জুল করীমের ওপরে সন্ত্রাসীরা আক্রমণ করার পরেও কোনো রকম অঘটন না ঘটিয়ে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করেছে। ক্ষমতাসীন সরকার অবৈধ। দিনের ভোট রাতে বক্সে ভরে তারা ক্ষমতায় বসে আছে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ।
বাংলাদেশ থেকে আরো পড়ুন