https://www.prothomalony.com/
5534
north-america
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ ০৭:৫৯
৪৩তম বঙ্গ সম্মেলনের অব্যবস্থাপনা নিয়ে কালচারাল এসোসিয়েশন অব বেঙ্গল ইউএসএ( সিএবি) এর প্রেসিডেন্ট রানাদেব সরকার বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ' সদ্য সমাপ্ত বঙ্গ সম্মেলন আজ আমাদের এমন এক কঠিন বাস্তবের সম্মুখীন করেছে যে নিজেদের এই মহাযজ্ঞের আয়োজক সমিতির সদস্য হিসাবে ভাবতে আমরা অত্যন্ত লজ্জিত এবং মর্মাহত হচ্ছি! কোন একক ব্যক্তি হিসেবে নয়,কোন কর্মকর্তা বা সভাপতি হিসেবে নয়, CAB এর সমস্ত সদস্যদের তরফ থেকে ভারাক্রান্ত হৃদয়ে সকলের অবগতির জন্য এই বক্তব্য সবার সামনে উপস্থিত করছি এবং CAB-এর পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি তৈরী করার জন্য আপনাদের সকলের সাহায্য চাইছি।
তিনি বলেন, বিগত ৪৩ বছর ধরে অনেক ঘাত প্রতিঘাত এর মধ্যে দিয়ে আমাদের এই বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হয়ে চলেছে, হয়ত কিছু সময় অবাঞ্ছিত ভুলভ্রান্তিও ঘটেছে তবে আমার মনে হয় না শত প্রতিকূলতার মধ্যেও এতো অসংগঠিত ভাবে কোনো NABC অনুষ্ঠিত হয়েছে।
রানাদেব সরকার বলেন, নিজে একজন সংগঠক হিসাবে আমি জানি, কী অক্লান্ত পরিশ্রম এর ফসল এই বঙ্গ সম্মেলন। কোন একক ব্যক্তি বিশেষ বা বিশেষ কিছু ব্যক্তি নিজেদের অক্ষমতায় এই মহাসম্মেলনের ঐতিহ্য এবং মর্যাদাকে ভুলুন্ঠিত করে দিয়েছে। CAB-এর সিনিয়র নেতাদের পাশাপাশি সহ-আহ্বায়ক , কোর কমিটি, স্টিয়ারিং কমিটির সদস্যদের সম্পূর্ণ অগ্রাহ্য করে পার্থ সারথী মুখার্জী প্রত্যেকটি ব্যপারে নিজে সিদ্ধান্ত নিয়েছেন। বঙ্গ সম্মেলনের রেজিস্ট্রেশন, হোটেল, আতিথেয়তা, সিনেমা , ডোমেস্টিক প্রোগ্রাম এবং শিল্পীদের ছাড়পত্রের মত বিভিন্ন ক্ষেত্রে যে সব ভলান্টিয়ার পূর্বে কাজ করেছেন, তারা যখন তাকে লজিস্টিক সমস্যাগুলির কথা বারবার উল্লেখ করে সাবধান করেছেন তখন তিনি সেগুলোকেও বারবার উপেক্ষা করেছেন। মিথ্যার মাপকাঠিতে তার অসীম মিথ্যা প্রতিশ্রুতি এবং “সব হয়ে যাবে” এই প্রবোধ বাক্য শুনিয়ে গেছেন।
রানাদেব সরকার বলেন, বাঙালি সংস্কৃতি আমাদের গর্ব এবং বিশ্ববন্দিত। এপার বাংলা আর ওপার বাংলার যৌথ প্রয়াসে CAB যে কর্মসূচি বিগত চার দশকের ধরে করে চলেছে, সেই ঐতিহ্য কোন স্বঘোষিত নেতা বা নেত্রী দ্বারা ধ্বংস করা যাবে না , নিজেদের অক্ষমতা দিয়ে CAB এর এই প্রচেষ্টাকে শেষ করা যাবে না।
আজ যারা এই চূড়ান্ত অব্যবস্থার শিকার এবং অপমানিত তারাও কিন্তু বাঙালি - এবং অনেক বড় হৃদয়ের শিল্পী মানুষ। এত অব্যবস্থা, এত অবিচার এর মধ্যেও কিন্তু ওঁরা নিজেদের কর্তব্যে অবিচল ছিলেন। যতটুকু সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা উপভোগ করছি সেটুকু ওঁদের মতো গুণী শিল্পীদের জন্যই হয়েছে।
তাই আমি এবং আমাদের CAB এর সমস্ত কার্যনির্বাহক দায়িত্ব প্রাপ্ত সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে এই বিশৃঙ্খলা , এই অব্যবস্থার শিকার যারা হয়েছেন তাদের সুবিচার দেওয়ার ব্যবস্থা আমরা করব। তিনি বলেন আমাদের অজ্ঞাতে যা হয়ে গেছে তার কোন ক্ষতিপূরণ করতে পারব না। যে সমস্ত প্রখ্যাত আমন্ত্রিত শিল্পী নিজেদের ব্যস্ত কর্মসূচি ছেড়ে ৩০ ঘন্টা জার্নি করে পৃথিবীর একপ্রান্ত থেকে আর এক প্রান্তে প্রতি বছর আসেন আমাদের ভালোবাসার টানে, তাদের সম্মানের সাথে সহযোগিতা করা এবং দেখাশোনা করাটা আমাদের প্রধান কর্তব্য। আর NABC র আসল পৃষ্ঠোপোষক কিন্তু আমাদের দর্শক এবং শ্রোতা আর ডোমেস্টিক প্রোগ্রামের অতিথিবৃন্দ এবং সর্বোপরি সব রকমের স্পনসর যারা প্রতিবছর আমাদের পাশে থাকেন ।
সমগ্র উত্তর আমেরিকার বাঙালি সারা বছর বসে থাকেন এই ৩টি দিনের জন্য, তাই আপনাদের অসুবিধা, কষ্ট আমরা বুঝতে পারছি। আপনাদের হতাশা, যন্ত্রণার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। আমাদের ক্ষমা চাওয়ার ভাষা নেই।
রানাদেব সরকার বিবৃতিতে বলেন, CAB 'র পক্ষ থেকে আপনাদের জ্ঞ্যাতার্থে জানাই বঙ্গ সম্মেলন বা NABC বঙ্গ সংস্কৃতি সংঘ বা CAB র ব্রেণ চাইল্ড। কিন্তু দু বছর পর পর বা অনেক সময় এক বছর পর যখন স্থানীয় সংস্থাগুলিকে NABC আয়োজন করতে দেওয়া হয় তখন NABC-এর অপারেশনাল দিকগুলির উপর আমাদের খুব বেশি নিয়ন্ত্রণ থাকে না। আজ এই রকম একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে NABC-এর সমন্বয়কারী (অর্কেস্ট্রেটর) হিসাবে আমরা বুঝতে পারছি এই বিষয়ে কিছু কিছু পরিবর্তন আনা খুব দরকার এবং কমিটির সঙ্গে আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব অফিসিয়ালি এই পরিবর্তন আমরা করব। আমরা কথা দিচ্ছি, ভবিষ্যতে আমাদের NABC-এর মশাল যারা বহন করবে তারা যাতে এই পরিস্থিতি থেকে শিক্ষা নেয় এবং এমন কোন দূর্ভাগ্যজনক পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে যাতে সচেতন থাকে এবং সমস্তরকম প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে সে বিষয়েও আমরা লক্ষ্য রাখব। বঙ্গ সম্মেলন আপনাদের তাই আপনাদের সম্মিলিত যোগদান এবং পরবর্তী মশাল বাহকদের ওপর আপনাদের আশীর্বাদের হাত এবং সহযোগীতা প্রয়োজন। তাই অনু্রোধ করছি, আপনারা সঙ্গে থাকুন ও এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত ও চিন্তাভাবনা শেয়ার করুন। আবারো জানাচ্ছি আমরা ক্ষমাপ্রার্থী এবং আমাদের কমিটি এই নিয়ে আলোচনা করে এই অবিচারের বিচার যাতে তাড়াতাড়ি হয় এবং সেই সব অযোগ্য লোকদের জন সমক্ষে নিয়ে আসা যায় এই বিষয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করব।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন