https://www.prothomalony.com/
5185
north-america
প্রকাশ: ১০ জুন ২০২৩ ০১:১০
বাসদ সমর্থক ফোরাম উত্তর আমেরিকার পক্ষে মোহাম্মদ জামান তপন এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা, বিএলএফ এর অন্যতম প্রধান সংগঠক, জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর সংগ্রামী জীবন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিবৃতিতে জামান তপন বলেন, ১৯৬২ সালে নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা, ’৬৯ এর গণঅভ্যুত্থানের বীর সেনানী, মুক্তিযুদ্ধে বিএলএফ এর অন্যতম প্রধান সংগঠক, স্বাধীনতা উত্তর জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের আজন্ম লালিত স্বপ্ন ছিল স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার। সে কারণেই একটা বুর্জোয়া দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটিতে তাঁরই প্রচেষ্টায় তাঁর অনুসারীর তৎকালীন ছাত্র লীগের প্রচার সম্পাদক স্বপন কুমার স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব উত্থাপন করলে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে তা পাশ হয়। সিরাজুল আলম খানের উদ্যোগে এবং প্রচেষ্টাই তাঁর অনুসারী আসম আব্দুর রব ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন এবং ৩ মার্চ ১৯৭১ পল্টনে ছাত্র লীগের সভায় স্বাধীনতার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে শাহজাহান সিরাজ যে স্বাধীনতার ইশতেহার প্রকাশ করেন সেখানে বলা হয়েছিল শ্রমিক রাজ, কৃষক রাজ প্রতিষ্ঠার কথা। স্বাধীনতাউত্তর বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি প্রতিষ্ঠা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। ঘোষণা করা হয়েছিল ‘আমরা লড়ছি শ্রেণি সংগ্রামকে ত্বরান্নিত করে সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে’।
বিবৃতিতে বলা হয়, জনাব সিরাজুল আলম খান ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক, তিনি শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলদেশ হারালো একজন প্রকৃত দেশপ্রেমিক, শ্রমজীবী শোষিত মানুষ হারালো তাদের অকৃত্রিম বন্ধুকে। আমরা হারালাম একজন অভিভাবককে যিনি ছিলেন বটবৃক্ষের মতো। শেষ পর্যন্ত তিনি সমাজতন্ত্রের পথে অবিচল না থাকতে পারলেও তাঁর স্বপ্ন বহু মানুষকে সমাজ পরিবর্তনের পথে টেনে এনেছিল যাদের অনেকেই এখনো লড়ছেন। বিবৃতিতে জামান তপন শোষণমুক্তির সংগ্রামকে বেগবান করে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার মাধ্যমে আমরা তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করবো এটাই হোক আমাদের অঙ্গীকার।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন