https://www.prothomalony.com/

18454

north-america

উত্তর আমেরিকা

ফ্লোরিডায় খুলনা বিভাগবাসীর প্রথম বনভোজনে প্রবাসীদের মিলনমেলা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০২:৩৭

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার প্রথম বার্ষিক বনভোজন। হাজারো প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায়।

গত ১১ অক্টোবর ফ্লোরিডার ডিয়ারফিল্ড বিচের কোয়ায়েট ওয়াটার্স পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। প্রবাসের কর্মব্যস্ত জীবনে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে সকাল থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হন খুলনা বিভাগের বিভিন্ন জেলার প্রবাসীরা। দীর্ঘদিন পর পরিচিতজনদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ ও প্রাণবন্ত আড্ডায় পুরো পার্কজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন। গান, নাচসহ নানা পরিবেশনায় দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সোহাগ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন মুনমুন। শব্দব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন মো. জামান বাবু।

শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা। নারীদের ঐতিহ্যবাহী বালিশ খেলাকে ঘিরেও ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক আক্তারুজ্জামান পলাশ বলেন, ‘এটি আমাদের প্রথম বার্ষিক বনভোজন। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা আমাদের ভীষণভাবে উৎসাহিত করেছে। এই অভূতপূর্ব সাড়া ভবিষ্যতে আরও সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের অনুপ্রেরণা জোগাবে।’

তিনি আগামী বছরগুলোতে আরও আকর্ষণীয় ও স্মরণীয় বনভোজন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সদস্যসচিব মো. আরিফুল ইসলাম বলেন, প্রবাসে বসবাসরত খুলনা বিভাগের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনি বনভোজন সফল করতে সহযোগিতাকারী অতিথি, স্বেচ্ছাসেবক, শিল্পী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজকেরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের পরিচয় তুলে ধরতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে বনভোজনকে ফ্লোরিডায় বসবাসরত খুলনা বিভাগবাসীর নিয়মিত মিলনমেলায় পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

দিনভর সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, আপ্যায়ন ও আনন্দ আড্ডার মধ্য দিয়ে শেষ হয় খুলনা বিভাগ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার প্রথম বার্ষিক বনভোজন। দূর প্রবাসে দেশের মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার পাশাপাশি এ আয়োজন অংশগ্রহণকারীদের মনে রেখে যায় আনন্দময় স্মৃতি।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন