https://www.prothomalony.com/

18452

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভায় মানবিক সহায়তা ও ইফতার কমিটি গঠন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০২:২৪

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক-এর নির্বাহী পরিষদের সভায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা। সভায় একটি অসহায় পরিবারের মেয়ের বিয়ে ও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি আগামী বছরের ইফতার মাহফিল আয়োজনের জন্য তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মাছুম।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ইসলাম পাটোয়ারী, আমিন খান জাকির, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. এনামুল হক এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদা আহমেদ।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দুটি পৃথক খাতে আর্থিক অনুদান দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের ২০২৬ সালের বার্ষিক বনভোজনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

আগামী ২০২৭ সালের ইফতার মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংগঠনের সহসভাপতি মিজানুর রহমানকে আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক রাজন হাসানকে সদস্যসচিব এবং মাসুদ আলমকে সদস্য করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এদিকে দেশ ও প্রবাসে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদা আহমেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনায় অংশ নিয়ে ড. এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ইসলাম পাটোয়ারী ও উপদেষ্টা আমিন খান জাকির সফলভাবে বার্ষিক বনভোজন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তাঁরা প্রবাসে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক বজায় রেখে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির সমাপনী বক্তব্যে মাহবুবুর রহমান নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানান। তিনি ভবিষ্যতে আরও সুন্দর ও সুশৃঙ্খল বনভোজন আয়োজনের পাশাপাশি মানবিক ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন