https://www.prothomalony.com/

18365

north-america

উত্তর আমেরিকা

ভার্জিনিয়ার মঞ্চে মামুনুর রশীদের 'অমানুষ': আত্মসংকট ও শিকড় সন্ধানের গভীর আখ্যান

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ ০৩:১৮

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সফলভাবে মঞ্চস্থ হলো বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদের নাটক 'অমানুষ'। সূচনা থিয়েটারের প্রযোজনায় এবং জান্নাতুল টুম্পার নির্দেশনায় গত ৪ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় আলেকজান্দ্রিয়ার ন্যানি জে লি রিক্রিয়েশন সেন্টারে (লী সেন্টার) নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে একজন আদর্শবাদী শিক্ষক ও তাঁর মধ্যবিত্ত পরিবারের আত্মসংকটকে কেন্দ্র করে। শিক্ষাব্যবস্থার বাণিজ্যিকীকরণ, সমাজে শিক্ষকের অবমূল্যায়ন এবং নিজের লালিত আদর্শ থেকে সরে আসার অপরাধবোধ কীভাবে একজন মানুষকে ভেতর থেকে নিঃশেষ করে দেয়, তা নাটকে সংবেদনশীলভাবে চিত্রিত হয়েছে।

এ নাটকের মধ্য দিয়ে ভার্জিনিয়ার মঞ্চে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন অভিনেত্রী তমালিকা কর্মকার ও অভিনেতা সাইদ বাবু। নাটকের শুরুতে দীর্ঘ একক কথনে শিক্ষকের স্ত্রীর ভূমিকায় তমালিকা কর্মকারের আবেগ, অভিমান ও ক্ষোভের প্রকাশ দর্শকদের মনোযোগ ধরে রাখে। অন্যদিকে আদর্শচ্যুত শিক্ষকের অন্তর্লীন সংকট ও অসহায়ত্ব বাস্তবসম্মত দক্ষতায় ফুটিয়ে তোলেন সাইদ বাবু।

প্রযোজনাটিতে দীপা দেবনাথের মঞ্চসজ্জা, সিফাতউদ্দিন পলকের আবহসংগীত, বাবর খাদেমীর আলোক পরিকল্পনা এবং বন্যা মির্জার পোশাক পরিকল্পনা নাটকটিকে নান্দনিক পূর্ণতা দেয়। মিলনায়তনজুড়ে ঢাকার ঐতিহ্যবাহী বেইলি রোডের মননশীল নাট্যচর্চার আবহ তৈরি করে এই উপস্থাপনা। সমাপনী দৃশ্যের গভীর প্রশ্ন উপস্থিত দর্শকদের দীর্ঘক্ষণ ভাবিয়ে রাখে।

প্রবাসের মাটিতে বিশুদ্ধ বাংলা নাট্যচর্চার এমন সফল আয়োজন উপস্থিত দর্শক ও সুধীমহলের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন