https://www.prothomalony.com/

18224

new-york

নিউইয়র্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের পাশে বোমা আতঙ্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানরত হোটেলের কাছে একটি পরিত্যক্ত কালো স্যুটকেস উদ্ধারের ঘটনায় ম্যানহাটনে ব্যাপক নিরাপত্তা তৎপরতা চালানো হয়েছে। 
 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে পূর্ব ৪৩তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউয়ের কাছে ওই সন্দেহজনক স্যুটকেসটি পাওয়া যায়। এলাকাটি প্রধানমন্ত্রীর অবস্থানরত হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলের কাছাকাছি।
 
৪২তম থেকে ৪৪তম স্ট্রিট  ও থার্ড অ্যাভিনিউয়ের কাছে ফুটপাতে একটি স্যুটকেস পড়ে থাকতে দেখা যায়। পরে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) একটি প্রশিক্ষিত কুকুর স্যুটকেসটিকে সন্দেহজনক হিসেবে শনাক্ত করে।
 
এরপর ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল ও জরুরি সেবা বিভাগের সদস্যরা পৌঁছান। নিরাপত্তার অংশ হিসেবে মার্কিন সিক্রেট সার্ভিস ও এফবিআইয়ের সদস্যরাও সেখানে উপস্থিত হন। ৪২তম থেকে ৪৪তম স্ট্রিট এবং লেক্সিংটন অ্যাভিনিউ থেকে সেকেন্ড অ্যাভিনিউ পর্যন্ত সড়কে যান ও পথচারী চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
 
নিরাপত্তার কারণে ক্রাইসলার বিল্ডিংয়ের প্রথম পাঁচ তলা খালি করে দেওয়া হয়। প্রায় ৯০ মিনিট ধরে স্যুটকেসটি পরীক্ষা করেন বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা।
 
পরীক্ষা শেষে এনওয়াইপিডি জানায়, স্যুটকেসটিতে কোনো বিস্ফোরক ছিল না এবং এটি কোনো ধরনের হুমকি তৈরি করেনি। এরপর ভবন ও আশপাশের সড়কে আরোপ করা বিধিনিষেধ তুলে নেওয়া হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
 
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলায় নিউইয়র্কের ম্যানহাটনে বর্তমানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অধিবেশনে যোগ দিতে শহরটিতে অবস্থান করছেন।
 
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আগে থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদের কর্মসূচিকে কেন্দ্র করে ম্যানহাটনে ব্যাপক সড়ক নিয়ন্ত্রণ, যানজট ও নিরাপত্তা তৎপরতার বিষয়ে সতর্ক করেছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।
 
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের সফরে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি ইতোমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন