https://www.prothomalony.com/

18125

new-york

নিউইয়র্ক

দীর্ঘ এক যুগ পর ঐক্যবদ্ধ হলো নিউইয়র্কের কক্সবাজারবাসী

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৬

নিউইয়র্কে নানা সাংগঠনিক বিরোধ ও মতপার্থক্যের কারণে দীর্ঘ প্রায় এক যুগ ধরে বিভক্ত হয়ে থাকা কক্সবাজারবাসী অবশেষে ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিয়েছে। নিজেদের মধ্যকার পুরোনো দ্বন্দ্ব ভুলে একই ছাতার নিচে আসার লক্ষ্যে গঠন করা হয়েছে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক নবযুগের সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিন সাগরকে কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে। আগামী নয় মাসের মধ্যে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে।

গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে কক্সবাজারবাসীদের নিয়ে অনুষ্ঠিত এক মধ্যস্থতা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবীণ প্রবাসী ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ আল জুবায়ের মানিকের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে কক্সবাজারবাসীদের বিভিন্ন পক্ষের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন।

 
বৈঠকে সভাপতিত্ব করেন প্রবীণ প্রবাসী আবুল কালাম আজাদ এবং প্রধান অতিথি ছিলেন প্রবীণ প্রবাসী হাসান চৌধুরী।

বৈঠকে বক্তারা দীর্ঘদিনের সাংগঠনিক বিরোধ ও বিভাজন ভুলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কক্সবাজারবাসীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। আলোচনার পর সর্বসম্মতিক্রমে শাহাব উদ্দিন সাগরকে প্রধান সমন্বয়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আক্তার হোসাইন, রফিকুল ইসলাম বাহাদুর, রফিক উল্লাহ রনি, নুরুল আজিম, সামিরুল ইসলাম বাবলু, মুর্তাজোর রহমান নওশার, মোহাম্মদ ইরফান, জহিরুল ইসলাম, মনসুর আলম, সফিউল আজম, নুরুল আবরার ও মোহাম্মদ নুরুল আমিন।

বৈঠকে মোহাম্মদ আল জুবায়ের মানিক বলেন, একসময় তিনি স্থায়ীভাবে নিউইয়র্কে বসবাস করলেও বর্তমানে বেশিরভাগ সময় বাংলাদেশে থাকেন। নিউইয়র্কে আসা-যাওয়ার সময় কক্সবাজারের প্রবাসীদের সঙ্গে দেখা হলে তাদের মধ্যে সাংগঠনিক মতবিরোধের বিষয়টি তার নজরে আসে। বিভিন্ন পক্ষ আলাদাভাবে বনভোজন ও অন্যান্য অনুষ্ঠান আয়োজন করায় সাধারণ কক্সবাজারবাসীদের মধ্যেও এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বিষয়টি তাকে ব্যথিত করেছে। এ কারণে সব পক্ষকে একত্র করে একটি ঐক্যবদ্ধ কক্সবাজারবাসী গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। নেতৃস্থানীয় ব্যক্তিরা তার আহ্বানে সাড়া দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। নতুন কমিটি কক্সবাজারবাসীদের ঐক্যবদ্ধ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সংগঠনে গতিশীলতা ফিরিয়ে আনবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রধান সমন্বয়ক শাহাব উদ্দিন সাগর বলেন, তাকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হলেও মূলত ১৩ সদস্যের সবাই সম্মিলিতভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন। কক্সবাজারবাসীদের জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন, সদস্য সংগ্রহ, সংগঠনের অর্থ সংগ্রহ, কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন, গঠনতন্ত্র প্রণয়ন এবং সর্বশেষ একটি নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই হবে তাদের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, এই দায়িত্ব একার পক্ষে পালন করা সম্ভব নয়। সবার সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ থাকলে আগামী নয় মাসের মধ্যে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে কক্সবাজারবাসীদের জন্য একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো দাঁড় করানো সম্ভব হবে।

বৈঠকে আরও বক্তব্য দেন সারওয়ার চৌধুরী, এমডি ইউসুফ হারুন, সৈয়দুল হক, মোজাম্মেল হোসেন তালুকদার, এমডি ফয়সাল হাসানসহ কক্সবাজারের বিভিন্ন পর্যায়ের প্রবাসী নেতৃবৃন্দ। বক্তারা অতীতের দ্বন্দ্ব ও বিভাজন পেছনে ফেলে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে সংগঠন পরিচালনার ওপর গুরুত্ব দেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন