https://www.prothomalony.com/

18065

new-york

নিউইয়র্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে আগ্রহ, সংবাদ সম্মেলন ও সংবর্ধনা নিয়ে পাওয়া যায়নি বার্তা 

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৬

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এরই মধ্যে
প্রধানমন্ত্রীর সফর সর্বাত্মক সফল করতে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের সহনশীলতা ও শৃঙ্খলার সঙ্গে সবকিছু দেখভাল করার ওপর গুরুত্ব দিয়েছেন বলে জানা গেছে। 

তবে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি ও আগ্রহের মধ্যেও এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাংবাদিকদের সঙ্গে তাঁর সংবাদ সম্মেলন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে। সফরের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকলেও এসব কর্মসূচির কোনো পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ্যে না আসায় নিউইয়র্কের বাংলাদেশি সাংবাদিক ও প্রবাসীদের মধ্যে কৌতূহল বাড়ছে। 

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা নিউইয়র্কে এলে অতীতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন, মতবিনিময় এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার নজির রয়েছে। ফলে এবারও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একই ধরনের কর্মসূচি প্রত্যাশা করছেন নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি সাংবাদিক ও প্রবাসীরা। 

বিশেষ করে সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের প্রত্যাশা করছেন নিউইয়র্কের বাংলাদেশি গণমাধ্যমকর্মীরা। জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান, সরকারের বিভিন্ন উদ্যোগ, পররাষ্ট্রনীতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং প্রবাসী বাংলাদেশিদের নানা ইস্যুতে সরকারপ্রধানের সরাসরি বক্তব্য ও প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সাংবাদিকরা। 

একই সঙ্গে প্রধানমন্ত্রীর সম্মানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনার আয়োজন হবে কি না, সেটিও এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। নিউইয়র্কে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি দীর্ঘদিন ধরে দেশের সরকারপ্রধানের সঙ্গে সরাসরি দেখা ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগের অপেক্ষায় রয়েছেন। ফলে তারেক রহমানের সম্ভাব্য সংবর্ধনাকে ঘিরে প্রবাসীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। 

তবে বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরের সময় স্থানীয় সাংবাদিক ও প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি। এতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান। 

সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে এবার নিউইয়র্কের সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে যেন তার পুনরাবৃত্তি না ঘটে। সাংবাদিকদের প্রত্যাশা, জাতিসংঘের আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে অন্তত একটি সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের ব্যবস্থা থাকবে। একইসাথে নিউইয়র্ক প্রবাসীদের দাবি, প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকেকে সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রাখলে তাদের সাথে সরকার প্রধানের সাক্ষাতের সুযোগও তৈরি হবে ।


জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিতিতে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা বাড়বে। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিও প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন