https://www.prothomalony.com/
18030
bangladesh
বাংলাদেশ নেতৃত্ব পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে একমুখী আনুগত্যের সময় পেরিয়ে বাংলাদেশ এখন নিজেদের স্বকীয় অবস্থান স্পষ্ট করতে সক্ষম হয়েছে। মুসলিম দেশ, প্রতিবেশী রাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য থেকে আসা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের বৈশ্বিক প্রধান মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইউএসএর প্রধান মাসুম মাহবুব, যুক্তরাজ্যভিত্তিক সাংবাদিক, সংবাদ বিশ্লেষক ও মুসলিম বিশ্বের পরিচিত অ্যাক্টিভিস্ট সামি হামদি এবং অন্যান্য অতিথি। সভায় প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরীও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা এবং আন্তর্জাতিক পর্যায়ে এ ইস্যুটিকে নতুন করে সামনে আনার উপায় নিয়ে আলোচনা হয়। মুসলিম বিশ্বের বিভিন্ন শরণার্থী সংকট নিয়ে সোচ্চার সামি হামদি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের করণীয় বিষয়ে তাঁর মতামত তুলে ধরেন। এ ক্ষেত্রে তিনি তুরস্কের অভিজ্ঞতার উদাহরণও দেন।
মাহমুদা খান ও মাসুম মাহবুব বাংলাদেশে রোহিঙ্গা সংকটসহ হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। আলোচনায় বলা হয়, গত নয় বছর ধরে রোহিঙ্গা সংকট নিয়ে নানা আন্তর্জাতিক উদ্যোগ ও প্রচেষ্টার পরও বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মনোযোগ ক্রমেই কমে আসছে। এ অবস্থায় রোহিঙ্গা সংকটকে নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে কার্যকর ও বাস্তবসম্মত উদ্যোগের সুযোগ কীভাবে তৈরি করা যায়, তা নিয়েও মতবিনিময় হয়।

ড. এনামুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত কাঠামো থেকে বাংলাদেশকে বের করে আনা বর্তমান সরকারের জন্য একটি কঠিন কাজ। একই সঙ্গে দেশের জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে মুসলিম দেশগুলোর সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা নিয়েও সভায় আলোচনা হয়।
রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানে বাংলাদেশের কৌশল কী হওয়া উচিত, আন্তর্জাতিক সহযোগিতা কীভাবে আরও কার্যকর করা যায় এবং সংকটকে আন্তর্জাতিক অগ্রাধিকারের তালিকায় আবারও ফিরিয়ে আনার সম্ভাব্য পথগুলো নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন