https://www.prothomalony.com/
18028
new-york
নিউইয়র্ক অঙ্গরাজ্যে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের (আইস) সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৮৭(জি) চুক্তি নিষিদ্ধের নতুন আইন কার্যকর হয়েছে। মঙ্গলবার থেকে পুলিশ বিভাগ ও শেরিফের কার্যালয়গুলোকে আইসিইর সঙ্গে এ ধরনের আনুষ্ঠানিক সহযোগিতা বন্ধ করতে হয়েছে।
গভর্নর ক্যাথি হোকুল এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় অর্থায়নে পরিচালিত পুলিশ বাহিনীকে আর ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি বাস্তবায়নে ব্যবহার করা যাবে না। তবে আইস ফেডারেল অভিবাসন আইন নিজস্বভাবে প্রয়োগ করতে পারবে।
নতুন আইনের ফলে অভিবাসনসংক্রান্ত দেওয়ানি বিষয়ে আইসকে স্থানীয় পুলিশের ওপর নির্ভর না করে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে কোনো ব্যক্তি স্থানীয় বা অঙ্গরাজ্যের কোনো প্রকৃত অপরাধে জড়িত থাকলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইসিইকে সহযোগিতা করতে পারবে।
১৯৯৬ সালে চালু হওয়া ২৮৭(জি) কর্মসূচির আওতায় স্থানীয় ও অঙ্গরাজ্য পুলিশের কর্মকর্তারা আইসের পক্ষে নির্দিষ্ট অভিবাসন আইন প্রয়োগ, আটক ও গ্রেপ্তারের কাজে যুক্ত হতে পারতেন।
নতুন আইন নিয়ে অবশ্য নিউইয়র্কের কিছু এলাকায় আপত্তি রয়েছে। রেনসেলার কাউন্টি ২০১৮ সাল থেকে ২৮৭(জি) কর্মসূচিতে অংশ নিয়ে আসছিল। কাউন্টির কর্মকর্তারা দাবি করেছেন, জননিরাপত্তার জন্য এ কর্মসূচি গুরুত্বপূর্ণ। তারা নতুন আইনকে চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে আইনটির সমর্থকদের মতে, স্থানীয় পুলিশকে ফেডারেল অভিবাসন কার্যক্রমে যুক্ত করলে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে পুলিশের প্রতি আস্থা কমে যেতে পারে। নতুন আইন স্থানীয় পুলিশের মূল দায়িত্ব—অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার—দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি করবে।
নিউইয়র্কে অভিবাসন নীতি নিয়ে অঙ্গরাজ্য সরকার ও ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান মতবিরোধের মধ্যেই ২৮৭(জি) চুক্তি নিষিদ্ধের আইন কার্যকর হলো।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন