https://www.prothomalony.com/

18021

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে সামনে রেখে কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ ১৩:২০

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূতদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিউইয়র্কে কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) জ্যামাইকায় আয়োজিত এই সভায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

সভায় সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু তার প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সংগঠনের কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করার আশ্বাস দেন। সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ বলেন, নেতৃত্বের দক্ষতার অভাবে বাংলাদেশ সোসাইটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। নির্বাচিত হলে প্রবাসীদের চাহিদা অনুযায়ী সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার করেন তিনি।

বক্তারা বলেন, প্রবাসীদের স্বার্থে বাংলাদেশ সোসাইটিকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠন হিসেবে গড়ে তোলা প্রয়োজন। যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠনের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এদিকে, বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার কারণে তারিখ পরিবর্তন করে ২৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ৩৫ হাজারের বেশি ভোটার ভোট দেওয়ার কথা রয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন